ধানমন্ডির ৩২ নম্বর থেকে আটক দুই নারীকে ৬মাস আগের মামলায় আটক দেখালো পুলিশ
১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে আটক হওয়া দুই তরুণীকে ৬ মাস আগের সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওই মামলায় রোববার দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুই তরুণী হলেন -জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২১) ও সুমা বড়াল ওরফে ডলি (২৯)।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল বাশার আবদুল্লাহ সংবাদ কর্মিদের এ তথ্য নিশ্চিত করেছেন।
যে ঘটনার মামলায় দুই তরুণীকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি গত ২৬ ফ্রেব্রুয়ারির। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আবু সোলায়মান।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশ গোপন সংবাদে জানতে পারে, গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন ধানমন্ডির ৩ নম্বর রোডে প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী মিছিল করার জন্য সমবেত হচ্ছে। সোয়া ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ সেখানে থেকে কয়েকজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করে, বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অপপ্রচারের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে মিছিল করছিল।
ওই ঘটনায় ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে। আজ সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই তরুণীকে।
আজ আদালতে শুনানিতে জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এবং সুমা বড়ালের পক্ষে তাঁর আইনজীবী লিটন মিয়া জামিন চেয়ে আবেদন করেন।
আদালত ওই দুই তরুণীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আইনজীবী লিটন মিয়া প্রথম আলোকে বলেন, ছয় মাস আগের মামলায় গতকাল আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে তাঁদের নাম ছিল না।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: