• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৩ পিএম;
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীতে ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী শহরের ঝাউতলায় জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পূর্বঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার আটটি উপজেলা ও বিভিন্ন পৌর এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। হাতে নানা রঙের ব্যানার-ফেস্টুন এবং মুখে সরকারবিরোধী ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ঝাউতলা এলাকা। জেলা বিএনপির দাবি অনুযায়ী, এই কর্মসূচিতে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনুসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তবে বিএনপি ও দেশের সাধারণ জনগণ এ ধরনের দেশবিরোধী চক্রান্ত কখনো সফল হতে দেবে না। অবিলম্বে এই নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধ করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতিগত বিষয়ে বক্তারা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কোনো কমিটিতে ‘হাইব্রিড নেতা’, মাদকসেবী কিংবা মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই হবে না। দলের বিগত দিনের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করেই আগামী দিনের কমিটি গঠন করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন নেতারা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন