• ঢাকা
  • রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

দেবীগঞ্জে অবহেলিত মানুষের জীবনসংগ্রাম তুলে ধরে ঈদ শুভেচ্ছা মশিউর রহমানের 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৯ পিএম;
দেবীগঞ্জে অবহেলিত মানুষের জীবন সংগ্রাম তুলে ধরে ঈদ শুভেচ্ছা মশিউর রহমানের 

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

 

আসন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও বাস্তবমুখী ফেসবুক স্ট্যাটাস দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান। দেশের ৫৫ বছরের উন্নয়ন এবং তাতে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে তাঁর করা প্রশ্নটি এখন দেবীগঞ্জের সাধারণ মানুষের মুখে মুখে।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই স্ট্যাটাসে মশিউর রহমান সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চরম বাস্তবতার চিত্র তুলে ধরেন। তিনি প্রশ্ন তোলেন— দেশজুড়ে এত উন্নয়নের জোয়ারের পরও কেন একটি বড় অংশের মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত?

ফেসবুকে প্রকাশিত ওই স্ট্যাটাসে তিনি তাঁর মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে লেখেন,

 "বিভিন্ন গ্রামের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের বাস্তব চিত্র যখন স্বচক্ষে অবলোকন করি, তখনই আসল উপলব্ধি ভিতরে জাগ্রত হয়। কত মানুষ অসহায় জীবনযাপন করছে, কত মানুষ অসুস্থ, কত মানুষের থাকার ছাদ টুকু নেই। তখন মনে হয় স্বাধীনতার ৫৫ বছরে এদেশে কি কোন রাজনৈতিক নেতা, কোন মন্ত্রী-এমপি, কোন উপজেলা চেয়ারম্যান, কোন পৌরসভার মেয়র, কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বার কখনোই কি ছিল না? যদি বাস্তবে থাকতো তাহলে এই অসহায় মানুষগুলোর খবর কি তারা কখনো রাখেননি?"

তিনি আরও উল্লেখ করেন, জনপ্রতিনিধিরা যদি প্রতি বছর মাত্র ৫ থেকে ১০ জন মানুষেরও ভাগ্য পরিবর্তনে কাজ করতেন, তবে আজকে সমাজে এমন জীর্ণ-শীর্ণ মলিন মুখ দেখতে হতো না। অনেকেই তাঁকে নির্বাচনে অতিরিক্ত খরচ না করার পরামর্শ দিলেও বিবেকের তাড়না থেকেই তিনি চুপ থাকতে পারছেন না বলে জানান। ত্যাগ ও কুরবানির শিক্ষা বুকে ধারণ করে সমাজের অবহেলিত মানুষদের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি দেবীগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এই ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে যোগাযোগ করা হলে মেয়র প্রার্থী মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "বর্তমান সময়ে গরিব ও অসহায় মানুষের দুর্দশার কথা শুনে আমার খুব কষ্ট লাগে। এটি কোনো রাজনৈতিক সস্তা জনপ্রিয়তা নয়, বরং মাঠপর্যায়ে মানুষের কষ্ট দেখে নিজের ব্যক্তিগত অনুভূতি থেকেই আমি এই কথাগুলো লিখেছি।"

মোঃ মশিউর রহমান দেবীগঞ্জ পৌর শহরের পূর্ব বাজার পাড়ার (বর্তমান সবুজ পাড়া, ৪নং ওয়ার্ড) বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে। পেশাগত জীবনে তিনি একজন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় বেশ পরিচিত। আসন্ন দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ব্যাপক সাড়াও পাচ্ছেন।

স্থানীয় ভোটারদের মতে, মশিউর রহমানের এই স্ট্যাটাসটি কেবল একটি ফেসবুক পোস্ট নয়, বরং এটি দেবীগঞ্জের অবহেলিত মানুষের ভেতরের চাপা ক্ষোভ ও বাস্তবতার প্রতিফলন। নির্বাচনের মুখে তাঁর এমন সাহসী ও মানবিক অবস্থান সাধারণ ভোটারদের মাঝে তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন