জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধারে পুলিশের অভিযান
নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের চুরি হওয়া ব্যাগ উদ্ধারে রাতভর সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত থেকে এ অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
পুলিশ জানায়, নাটোর রেলস্টেশনের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরিহিত এক অজ্ঞাত যুবক কৌশলে জার্মান নাগরিক ক্রিলের সঙ্গে ভাব জমায় এবং বন্ধুত্বপূর্ণ সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে পর্যটকের অসতর্কতার সুযোগ নিয়ে ওই যুবক নিজের গা থেকে কটিটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে দ্রুত স্টেশন এলাকা ত্যাগ করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর থেকেই খোয়া যাওয়া ব্যাগটি উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতারে রেলওয়ে ও জেলা পুলিশের সমন্বয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। নাটোর স্টেশনের সংগৃহীত সিসিটিভি ফুটেজ যাচাই করে অপরাধীকে শনাক্তের প্রক্রিয়া চলছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে এবং বিদেশি নাগরিকের চুরি হওয়া ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: