বরিশাল কোতয়ালী উত্তর থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাবৈঠক অনুষ্ঠিত
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ
ইউনিট দায়িত্বশীলদের সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জহির উদ্দিন মুহাম্মদ বাবর
বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানা জামায়াতের উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর কোতয়ালী উত্তর থানা মিলনায়তনে দিনব্যাপী এই শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়।
কোতয়ালী উত্তর থানা জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে ইউনিট দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীলদের নিজেদের জ্ঞান, যোগ্যতা ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনের প্রতিটি পর্যায়ে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন এবং মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার জন্য নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
তিনি বলেন, একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে দায়িত্বশীলদের ব্যক্তিগত আমল, চারিত্রিক মাধুর্য, পারস্পরিক সৌহার্দ্য এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা বৃদ্ধি করতে হবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের সমস্যা, প্রত্যাশা ও প্রয়োজন উপলব্ধি করে কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। নিয়মিত সাংগঠনিক বৈঠক, কর্মীদের মানোন্নয়ন এবং নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে হবে।
কোতয়ালী উত্তর থানা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় শিক্ষাবৈঠকে দারসুল কুরআন পেশ করেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ। তিনি পবিত্র কুরআনের আলোকে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে নৈতিকতা, তাকওয়া, আমানতদারি এবং দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষাবৈঠকে আরও উপস্থিত ছিলেন কোতয়ালী উত্তর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির, ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, ২১ নম্বর ওয়ার্ড সভাপতি মোকছেদুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার খানসহ থানা ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: