• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দশমিনায় লাইসেন্স ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৫ পিএম;
দশমিনায় লাইসেন্স ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

জয়ন্ত, দশমিনা (পটুয়াখালী):

 

পটুয়াখালীর দশমিনায় কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার বিক্রির অভিযোগে মো. কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী মো. কামাল হোসেন ওই ইউনিয়নের মো. কাজেম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বেতাগী বাজারে কীটনাশক ও বিভিন্ন কৃষি উপকরণের ব্যবসা পরিচালনা করে আসছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে বেতাগী বাজারে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ী কামাল হোসেনের দোকানে বৈধ লাইসেন্স ছাড়াই সার বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে তার দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুত করা ৬ থেকে ৮ বস্তা সার জব্দ করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে আর কখনোই জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতাগী বাজারের এক ব্যবসায়ীর দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সারের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন