বাকেরগঞ্জে ত্রাণের টাকা অসহায়দের বঞ্চিত করে বিএনপি নেতার দখল; তীব্র ক্ষোভে ফুঁসছে জনপদ
নিজস্ব প্রতিনিধি:
মানবিক সহায়তার উদ্দেশ্যে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল—যেখানে থাকার কথা ছিল অসহায়, দুস্থ ও প্রান্তিক মানুষের নাম—সেই তালিকাই এখন প্রশ্নবিদ্ধ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এই তহবিলের নগদ অর্থ বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে সরকারি এই সহায়তা। ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ, হতাশা ও আস্থার সংকট।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি উপজেলার ১৪টি ইউনিয়নে দুই শতাধিক ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। কিন্তু এই তালিকা প্রণয়নে স্বচ্ছতার ঘাটতি এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ সামনে এসেছে। একাধিক ইউনিয়নে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তাদের ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।বিশেষ করে নিয়ামতি ইউনিয়নে বিতরণকৃত ৩০ জনের তালিকাকে ঘিরে দেখা দিয়েছে চরম বিতর্ক। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেয়া পৃথক তালিকার মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক সোহেল সিকদারের দেয়া তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে দলের সাংগঠনিক সম্পাদক বাহাদুর হোসেন খানের ঘনিষ্ঠ স্বজনদের নাম—যাদের মধ্যে রয়েছেন তার আপন ছোট ভাই ও সন্তান। প্রত্যেকে ২০০০ টাকা করে গ্রহণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেই দেখা দিয়েছে অসন্তোষ। তারা অভিযোগ করছেন, দলীয় পদ ব্যবহার করে ব্যক্তিস্বার্থে ত্রাণ বণ্টন করা হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অনেকেই দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, অন্যথায় দলীয় কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন।অন্যদিকে, প্রকৃত ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে থাকলেও তারা কোনো সহায়তা পাননি। অথচ অপেক্ষাকৃত সচ্ছল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ঘরেই পৌঁছেছে এই ত্রাণের অর্থ। এতে সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া জানিয়েছেন, তালিকা প্রণয়নে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে দায় এড়াতে একে অপরের ওপর দোষ চাপানোর প্রবণতাও লক্ষ করা গেছে সংশ্লিষ্টদের বক্তব্যে।এদিকে, উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সংসদ সদস্যের মাধ্যমে বিতরণের নির্দেশ থাকায় তাদের সরাসরি তদারকির সুযোগ নেই। ফলে পুরো প্রক্রিয়ার জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- বাকেরগঞ্জে* ত্রাণের,টাকা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: