বাউফলের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল ঢাকায় গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার (গতকাল) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর জুয়েলকে ঢাকার মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
২০১২ সালের ২২ মে প্রথমবারের মতো বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হন জিয়াউল হক জুয়েল। দায়িত্ব গ্রহণের মাত্র ১৪ দিনের মধ্যে তিনি পৌরসভাটিকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন। পরবর্তীতে পৌরসভার সীমানা সম্প্রসারণ করে প্রথম শ্রেণিতে উন্নীতকরণ এবং পুরো পৌর এলাকায় সোডিয়াম লাইট স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে তিনি
এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পৌরসভা মেয়র সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: