নোয়াখালীতে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া সদর উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রোববার বগুড়া শহরের মাটিডালী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাটিডালী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কাওসার হাবিব সাকিব।
সমাবেশে বক্তারা নোয়াখালীতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও হামলার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভাপতির বক্তব্যে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব বলেন, “নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্রসমাজ ও গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদলের নেতাকর্মীরা অন্যায়, অবিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকবে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য হামলা, ভয়ভীতি ও সন্ত্রাসের পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।”
সদস্য সচিব কাওসার হাবিব সাকিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ছাত্রদল গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা মেনে নেওয়া হবে না এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির, আল আমিন, সনি, আব্দুল লতিফ, সাদিদ, নুর আলম, মুন, মোমিন, ইমন, বাধন, বায়োজিত, রোকন, উৎসব, সাকিলসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতা রিংকু, আব্দুল আলিম রহিদ, সিয়াম, দিনার, মোহন, নাহিদ, শুভ, দৌলত, রত্ন, তারেক, সামিউল সিয়াম, আজিজুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে শনিবার ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হন এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে বগুড়া সদর উপজেলা ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: