• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

চাকরির প্রলোভন দিয়ে  লাইসেন্সধারীদের অস্ত্র লুট, গ্রেপ্তার চার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৪ এএম;
চাকরির প্রলোভন দিয়ে  লাইসেন্সধারীদের অস্ত্র লুট, গ্রেপ্তার চার

৩টি অস্ত্র ও ৩৮রাউন্ড গুলি উদ্ধার
চাকরির প্রলোভন দিয়ে  লাইসেন্সধারীদের অস্ত্র লুট, গ্রেপ্তার চার

পুনরুত্থান ডেস্ক :

 

চাকরির প্রলোভন দিয়ে ডেকে নিয়ে লাইসেন্সধারীদের অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 
চায়না কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লাইসেন্সধারী ব্যক্তিদের ফাঁদে ফেলে অস্ত্র লুটের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এর আগে, ২৪ জুন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা ঝহয়।

এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দুটি শর্টগান, একটি এয়ারগান, ৩৮ রাউন্ড গুলি, একটি হাইয়েস মাইক্রোবাস, একটি ওয়াকিটকি ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত একই কৌশলে সংঘটিত চারটি পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের হয়। এসব মামলার তদন্তে নেমে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চক্রটির সন্ধান পায়।

তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি অনলাইনে চায়না কোম্পানি ও বিভিন্ন ভিআইপি ব্যক্তির নিরাপত্তারক্ষী পদে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন প্রচার করত। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অস্ত্রের লাইসেন্সধারী চারজন ব্যক্তি পৃথকভাবে নিজেদের বৈধ অস্ত্র নিয়ে চাকরির সাক্ষাৎকার দিতে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন। 

একপর্যায়ে চক্রের সদস্যরা তাদের ভুয়া নম্বরপ্লেটযুক্ত একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয়। পরে চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীদের রূপগঞ্জের ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের বিভিন্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ঘটনাগুলোর তদন্তে জেলা পুলিশের একাধিক টিম কাজ করে। অভিযানের মাধ্যমে লুট হওয়া তিনটি অস্ত্র, ৩৮ রাউন্ড গুলি ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন