• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্তকে জুতার মালা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২০ পিএম;
পটুয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্তকে জুতার মালা

পটুয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্তকে জুতার মালা পরিয়ে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

 


পটুয়াখালী সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনসার ঘরামী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশকে খবর না দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ওই যুবককে জুতার মালা পরিয়ে মারধর ও বিবস্ত্র করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অভিযুক্ত আনসার ঘরামীকে গ্রেপ্তার করে পুলিশ এবং বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের উত্তর হাজিখালী গ্রামে শিশুটি ও অভিযুক্ত আনসার ঘরামী বসবাস করেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজি। শিশুটির পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে পাখির বাসা দেখানোর লোভ দেখিয়ে একটি নির্জন ঘরে নিয়ে যান আনসার ঘরামী। সেখানে শিশুটির জামাকাপড় খুলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। এ সময় আশপাশে মানুষের উপস্থিতি টের পেয়ে আনসার পালিয়ে যান। পরে শিশুটির পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

এদিকে মামলার পরদিন মঙ্গলবার সকালে আনসার কাজিরহাট বাজারে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে গণপিটুনি দেন। অভিযোগ রয়েছে, এ সময় তাকে জুতার মালা পরানোর পাশাপাশি বিবস্ত্র করে কাজিরহাট বাজার ও কাজিরহাট ব্রিজের এপার-ওপার ঘোরানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আনসারের গলায় জুতার মালা পরিয়ে রেখেছেন। অন্য একটি ভিডিওতে তাকে বিবস্ত্র করে জামার ঘাড় ধরে কাজিরহাট ব্রিজের ওপর দিয়ে হেঁটে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওতে লোকজনকে বলতে শোনা যায়, ‘যারা এই রকম করবা, তাদের শাস্তি এইভাবেই হইবে। সাত বছরের মাইয়ার ধর্ষণকারী, দ্যাহো তোমরা…’

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় কাজিরহাট এলাকার ব্যবসায়ী মিলন মৃধা, মোটরসাইকেলচালক আশরাফ গাজীসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আইন নিজের হাতে তুলে নিয়ে এমন অমানবিক আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্ত যুবকের পরিবার ও প্রতিবেশীরা। আনসারের বোন লিপি আক্তার বলেন, ‘আমার ভাইয়ের মানসিক সমস্যা রয়েছে। জমিজমার বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার ভাইকে ওরা কাজিরহাট ব্রিজে নিয়ে জুতার মালা পরিয়েছে, মারধর করে উলঙ্গ করে ঘুরিয়েছে। আমরা এর বিচার চাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে। কচি কাইউম নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ছেলেটির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন আছে, আদালত আছে। কিন্তু একতরফা অভিযোগের ভিত্তিতে তাকে এভাবে জনসম্মুখে উলঙ্গ করে ঘোরানো দাম্ভিকতা বৈকি কিছু নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে যুবককে বিবস্ত্র করে ঘোরানোর বিষয়টি তার জানা ছিল না জানিয়ে তিনি বলেন, ‘ভিডিওটি হাতে পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন