গবেষণা-নির্ভর বিশ্বমানের পবিপ্রবি গড়াই প্রধান লক্ষ্য: ভিসি ড. হেমায়েত জাহান
শিক্ষার্থী-কেন্দ্রিক ও গবেষণা-নির্ভর বিশ্বমানের পবিপ্রবি গড়াই প্রধান লক্ষ্য: ভিসি ড. হেমায়েত জাহান
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) একটি শিক্ষার্থী-কেন্দ্রিক ও গবেষণা-নির্ভর বিশ্বমানের ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় পটুয়াখালী জেলা ও দুমকি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নতুন ভিশন তুলে ধরেন।
গত তিন মাসে গৃহীত পদক্ষেপ ও প্রশাসনিক স্বচ্ছতার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, "বিগত ১৬ বছর ধরে চলা অনিয়ম, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জমে থাকা হীনম্মন্যতা ও স্থবিরতা কাটিয়ে উঠতে আমরা কাজ করছি। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অবকাঠামোগত থেমে থাকা কাজগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।"
সংবাদ সম্মেলনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ও পরিকল্পনার কথা প্রকাশ করেন:
১. নতুন অনুষদ ‘হেলথ সায়েন্স’ গঠন
বর্তমানে ১০টি অনুষদ চালু থাকা এই বিদ্যাপীঠে চিকিৎসাবিজ্ঞান কেন্দ্রিক শিক্ষার প্রসারে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের সমন্বয়ে ‘হেলথ সায়েন্স’ অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। ইউজিসির (UGC) চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি শুরু হবে, যা দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যশিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
২. আন্তর্জাতিক র্যাঙ্কিং ও স্কলারশিপ ব্যবস্থা
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই যুগ পর পবিপ্রবিকে বিশ্বমানের র্যাঙ্কিংয়ে উন্নীত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আধুনিকায়ন ও সর্বক্ষেত্রে অটোমেশন চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।
মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল কোলাবরেশন ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল অ্যাগ্রিকালচার’ (ICFSA)-এর একমাত্র বাংলাদেশি সদস্য প্রতিষ্ঠান হিসেবে পবিপ্রবি আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্ত রয়েছে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার ‘ইউনিভার্সিতাস নেগেরি পাদাং’-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে, যার অধীনে শিক্ষার্থীরা ফুল-ফান্ডেড স্কলারশিপ সুবিধা পাবে। এছাড়া আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে।
৩. শিক্ষার্থী কল্যাণ ও কল্যাণমুখী ক্যাম্পাস
বিনামূল্যে পরিবহন সুবিধা: অর্থনৈতিক দিক বিবেচনা করে বরিশাল ও পটুয়াখালীতে টিউশন ও অন্যান্য কাজের উদ্দেশ্যে আসা-যাওয়া করা শিক্ষার্থীদের বাসভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
র্যাগিং ও মাদকমুক্ত পরিবেশ: নবীন শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভীতি ছাড়া স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যে কঠোর নজরদারি চলছে। ভর্তি প্রক্রিয়ায় ডোপ টেস্ট চালুর মাধ্যমে মাদকবিরোধী অবস্থান সুসংহত করা হয়েছে।
গবেষণায় অবদানের জন্য শিক্ষক ও সেরা সহশিক্ষা কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
৪. ‘গ্রোথ মাইন্ডসেট’ গড়ার আহ্বান
শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে উপাচার্য বলেন, "আমাদের জীবনে দুই ধরনের মানসিকতা দেখা যায়— ফিক্সড মাইন্ডসেট ও গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট মানুষকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে ফেলে। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাব যেন তারা ‘গ্রোথ মাইন্ডসেট’ ধারণ করে কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার অদম্য আগ্রহ দিয়ে যেকোনো কঠিন পরিস্থিতি জয় করে নিজেদের ভবিষ্যতের ভিত্তি মজবুত করে।"
উপাচার্য জানান, এবার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে দেশের সবচেয়ে বড় ‘জিএসটি গুচ্ছ’ ভর্তি পরীক্ষা সফলভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: