• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৮ পিএম;
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

 

নওগাঁয় একটি চালকলে (অটো রাইস মিল/চাতাল) বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও চালকলের শ্রমিকরা ধান সিদ্ধ করার কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে চালকলের বয়লারটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন।

পরে ধোঁয়া কিছুটা কমে এলে অন্যান্য শ্রমিকরা চাতালে গিয়ে আব্দুল খালেককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য চার শ্রমিক বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক  বলেন, "হঠাৎ করেই বিকট শব্দ হয় এবং ধোঁয়ার কারণে আশপাশে আর কিছু দেখা যাচ্ছিল না। পরে ধোঁয়া কমলে আমরা খালেক ভাইকে পড়ে থাকতে দেখি। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদে কাজ করার পরিবেশ চাই।"

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঠিক কী কারণে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুল খালেকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন