তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগে বিক্ষোভ
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে ঘুষ দাবি, প্রশাসনিক হয়রানি এবং দাপ্তরিক কাজে বাধা প্রদানের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ৪ নং শালবাহান ইউনিয়ন।
এসব অভিযোগের প্রতিবাদে রোববার (১৫ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভ সভায় শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ইউএনও’র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে ইউএনও অর্থ ছাড়া স্বাক্ষর করতে রাজি হন না। এছাড়া তাকে নিয়মিত প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে এবং জনসম্মুখে তাকে অফিস না করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান আরও অভিযোগ করেন, সরকারি টিসিবি কার্ড বিতরণ ও প্রচারণার ক্ষেত্রেও তার নাম ব্যবহার না করার জন্য ইউএনও নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিবাদ সভায় আশরাফুল ইসলাম বলেন, "আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। প্রকল্পের টাকা ছাড় পেতে হয়রানি করা হচ্ছে, যা সরাসরি জনস্বার্থবিরোধী এবং উন্নয়নের অন্তরায়।"
সভায় উপস্থিত সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে এমন বিবাদের কারণে গ্রামীণ উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হতে পারে। সভায় ইউপি সদস্যবৃন্দসহ ইউনিয়নের সেবাগ্রহীতা সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা শাহীন খসরু সকল অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এসব অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।তাঁর বিরুদ্ধে তদন্ত আটকাতে এসব করছেন। ইউএনও বলেন, "আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে, আমি আইনি ব্যবস্থা (অ্যাকশন) নেব। সরকারি নিয়ম মেনেই সকল প্রকল্পের কাজ ও বিল ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এখানে ব্যক্তিগত আক্রোশ বা কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই।"
ইউএনও এবং জনপ্রতিনিধির মধ্যে এমন পাল্টাপাল্টি অবস্থানে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ সেবাগ্রহীতারা দ্রুত এই সমস্যার সুষ্ঠু সমাধান আশা করছেন যাতে জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজগুলো আর বাধাগ্রস্ত না হয়।
দৈনিক পুনরুত্থান / মোঃ মাহামুদুল ইসলাম জয়,
- বিষয়:
- তেঁতুলিয়ায়* ইউএনও’র,বিরুদ্ধে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: