বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকির কর্মী-সমর্থকরা জামায়াতে ইসলামীর এজেন্টদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগের কথা জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জোনায়েদ সাকির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই জানিয়ে জামায়াতের প্রার্থী মো. মহসীন আরও বলেন, আমরা প্রশাসনের কাছে যে অভিযোগগুলো দিয়েছি, সেই অভিযোগগুলোর দৃশ্যমান কোনো ফলাফল আমরা পাইনি। দৃশ্যমান ফলাফল পেলে আমরা ধরে নিতাম লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। যেহেতু দৃশ্যমান ফলাফল আমরা পাইনি, আশঙ্কা তো থেকেই যায়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।
মো. মহসীন বলেন, এজেন্টদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তারা যেন এজেন্ট না হয়, দাঁড়িপাল্লার পক্ষে যেন তারা কাজ না করে। যদি তারা ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে যায়, তাদেরকে বাড়িছাড়া করবে বলে হুমকি দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন এজেন্ট জানিয়েছেন যে, পর্যাপ্ত নিরাপত্তা না পেলে তারা ভোটকেন্দ্রে যাবে না।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় নারী ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। বোরকা খুলে তাদেরকে বস্ত্রহীন করে রাস্তায় ঘুরাবে এ ধরনের ভয়-ভীতি তারা দেখাচ্ছে। এগুলো স্পষ্টত মৌলিক মানবাধিকার পরিপন্থি কাজ। ভোটাররা স্বাধীনভাবে ভোটকেন্দ্রে যাবে এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। যে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এগুলো খুবই আপত্তিকর। আমরা জানি জোনায়েদ সাকি মানবাধিকার নিয়ে কাজ করেন। এখানে মানবাধিকার রইল কই? নারী অধিকার নিয়ে ওনি কথা বলেন, নারীদের সম্মান রইল কই?
আরকে
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: