বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২
তালতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা:
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জেলে হলেন, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকার মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকার হরমুজ আলী হাওলাদারের ছেলে মো. নবী হোসেন হাওলাদার (৪৫)। এছাড়া উদ্ধার হওয়া ১১ জেলের মধ্যে ছয়জন তালতলীর, চারজন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এবং একজন খুলনা জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ ট্রলারটি পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১৩ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।
গত সোমবার সাগর উত্তাল হয়ে আবহাওয়া খারাপ হতে শুরু করলে জেলেরা উপকূলে ফেরার উদ্দেশ্যে রওনা হন। গত মঙ্গলবার সকালে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়। দুর্ঘটনার সময় সাগরে ভাসতে থাকা ১১ জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে জীবিত উদ্ধার করে।
তবে ট্রলারের কেবিনে থাকা দুই জেলের সন্ধান মেলেনি।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের অন্যতম মালিক মো. আল-আমীন বলেন, “প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। আমরা ১১ জন সাঁতরে বের হতে পারলেও কেবিনের ভেতরে দুজন আটকে পড়েন। পরে অন্য একটি ট্রলার এসে আমাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। সাগর অতিরিক্ত উত্তাল থাকায় নিখোঁজ দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।”
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া জেলেদের খোঁজখবর রাখা হচ্ছে।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: