ফরিদপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা সোহেল মুন্সিকে অব্যাহতি
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি কাজের অভিযোগে ছাত্রদল নেতা সোহেল মুন্সিকে স্থায়ী ভাবে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় ফরিদপুর জেলা ছাত্রদল কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল মুন্সিকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ সিদ্ধান্তে তাকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তটি সংশ্লিষ্ট দিন থেকেই কার্যকর বলে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের পর থেকে সোহেল মুন্সির কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ফরিদপুর জেলা ছাত্রদল বহন করবে না। সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) বলেন, “ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় আমরা আপসহীন। যারা নিয়মনীতি মেনে চলবে না, তাদের জন্য ছাত্রদলে কোনো স্থান নেই।”
ফরিদপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ফরিদপুর প্রতিদিন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ফরিদপুরে* দলীয়,শৃঙ্খলা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: