• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

দেবীগঞ্জে স্কুলে পৌঁছেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আকস্মিক মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম;
দেবীগঞ্জে স্কুলে পৌঁছেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আকস্মিক মৃত্যু

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে পৌঁছানোর পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

নিহত অনুপমা রায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাইসাইকেল চালিয়ে সময়মতো স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে সাইকেল থেকে নামার পরপরই সে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার সহপাঠী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, "অনুপমা সাইকেল থেকে নামার সাথে সাথেই পড়ে যায়। আমরা কালক্ষেপণ না করে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, "শিক্ষার্থীটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে, সে পথেই প্রাণ হারিয়েছে।"

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

ছোট্ট এই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় বইছে শোকের মাতম।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন