লালমনিরহাটে রাস্তা নিয়ে বিরোধ : ধারালো দায়ের কোপে এক ব্যক্তি গুরুতর আহত
স্টাফ রিপোর্টার :
বাড়ির একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে লালমনিরহাটের হাড়িভাঙ্গা গ্রামে ঘটল এক নৃশংস হামলার ঘটনা। রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মোকছেদ আলী নামের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
৬ অক্টোবর (২০২৬) সকালে ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাড়িভাঙ্গা গ্রামের বাসিন্দা মোকছেদ আলীর বাড়ির সামনের একমাত্র রাস্তাটি হুট করেই বন্ধ করে দেন একই গ্রামের আশরাফ আলী ভুট্টু ও তার সহযোগীরা। চলাচলের পথ রুদ্ধ হয়ে পড়ায় দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। ঘটনার দিন সকালে মোকছেদ আলী এ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা।
কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশরাফ আলী ভুট্টু কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো দা দিয়ে সজোরে কোপ বসিয়ে দেন মোকছেদ আলীর মাথায়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি। এ সময় আশরাফের সহযোগীরা লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।
হামলার পর মোকছেদ আলীর চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী মোকছেদ আলী নিজে বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, আশরাফ আলী ভুট্টু (৪০), আশরাফুল (৩৫), আহাদ আলী (৭০), দুলাল (২০) এবং ছামিউল (১৮)। লালমনিরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: