• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

এক মানবিক বীরের গল্প: মায়ের স্মৃতিকে সম্বল করে হাজারো প্রাণ রক্ষায় আনসার সদস্য আনিচ মোল্যা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৪ পিএম;
এক মানবিক বীরের গল্প: মায়ের স্মৃতিকে সম্বল করে হাজারো প্রাণ রক্ষায় আনসার সদস্য আনিচ মোল্যা

আলফাডাঙ্গা (​ফরিদপুর) প্রতিনিধি:

 

বিপদের দিনে অন্যের পাশে দাঁড়ানোই তো আসল মানবতা। এই নীতিকে বুক আগলে ধরে দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে রক্তমুমুর্ষু মানুষের জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য মোঃ আনিচ মোল্যা। ২০১৯ সাল থেকে শুরু করা তাঁর এই নীরব বিপ্লবে এ পর্যন্ত ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে দুই হাজারেরও বেশি মুমূর্ষু রোগী খুঁজে পেয়েছেন নতুন জীবনের আশা।
​একটি মানুষের এই অনন্য মানবিক যাত্রার নেপথ্যে লুকিয়ে রয়েছে এক গভীর ব্যক্তিগত কষ্ট ও বেদনার গল্প। ২০২০ সালের জুন মাসে আনিচ মোল্যার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ অবস্থায় মায়ের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হতো। এক ব্যাগ রক্তের আকুতি নিয়ে তৎকালীন সময়ে আনিচকে ছুটে বেড়াতে হয়েছে দ্বারে দ্বারে—কেউ এগিয়ে এসেছেন, আবার অনেকেই অপরাগতা প্রকাশ করেছেন। সেই অনিশ্চয়তা, প্রিয়জনকে হারানোর ভয় আর অসহায়ত্বের তীব্র যন্ত্রণা আনিচের মনকে আলোড়িত করে।
​মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নিজের সেই কষ্টের অভিজ্ঞতা থেকে তিনি সংকল্প করেন—রক্তের অভাবে আর যেন কোনো সন্তানকে অসহায় চোখে মায়ের দিকে তাকাতে না হয়, কোনো পরিবারকে যেন রক্ত সংগ্রহের জন্য এমন দ্বারে দ্বারে ঘুরতে না হয়। সেই পথচলা থেকেই রক্তদাতা ও রোগীদের মাঝে সেতু বন্ধন তৈরির মিশনে নেমে পড়েন তিনি।
​শুধু একা রক্ত জোগাড় করেই থেমে থাকেননি আনিচ। এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য স্থায়ী কিছু করার লক্ষ্যে বড় ভাই ও বন্ধুদের সঙ্গে নিয়ে গঠন করেন ‘বারাংকুলা যুব সংঘ’। পরবর্তীতে রক্তের জরুরি প্রয়োজন মেটাতে এবং দ্রুত রক্তদাতার সঙ্গে স্বজনদের যোগাযোগ ঘটিয়ে দিতে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের সন্ধানে আলফাডাঙ্গা’। বর্তমানে তাঁর ও সহযোদ্ধাদের সমন্বিত প্রচেষ্টায় মুহূর্তের মধ্যে পৌঁছে যায় জীবন রক্ষাকারী রক্ত।
​অন্যের জন্য রক্ত জোগাড়ের পাশাপাশি আনিচ নিজে নিয়মিত রক্তদান করেন। এ পর্যন্ত তিনি ১১ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন।
​পেশাগত জীবনে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে বর্তমানে টাঙ্গাইলে কর্মরত আছেন আনিচ মোল্যা। সরকারি দায়িত্বের কঠোর ব্যস্ততা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নিজের মনের তাগিদেই বের করে নেন সামাজিক ও মানবিক কাজের সময়।
​ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের সন্তান মোঃ আব্দুল হক মোল্যার সুযোগ্য পুত্র আনিচ মোল্যা আজ এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিজের জীবনের গভীরতম কষ্ট ও শোককে অন্যের জীবন বাঁচানোর শক্তিতে পরিণত করেছেন তিনি। আনিচ মোল্যার এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগ সমাজকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে মানবসেবায় অনুপ্রাণিত করবে—এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন