বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর...
বিদ্যালয়ে ছুটির ঘণ্টার পর শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে গেলে কলাপসিবল গেটে তালা দিয়ে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শৌচাগারে থাকা তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া বের হয়। বিদ্যালয়ের কোথাও কাউকে দেখতে না পেয়ে ভয়ে সে কাঁদতে শুরু করে। পরে তার কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল প্রায় চারটার দিকে স্কুল ছুটি হলে শিক্ষকরা যথারীতি বিদ্যালয় ত্যাগ করেন। ওই সময় ওয়াশরুমে থাকা সাদিয়া তালাবদ্ধ অবস্থায় ভেতরেই আটকা পড়ে যায়। সময় গড়াতে থাকলে শিশুটি ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। তার চিৎকার স্কুলসংলগ্ন পথচারীদের কানে পৌঁছলে বিষয়টি সামনে আসে।
ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এদিকে, স্কুল ছুটির পর অনেক সময় পেরিয়ে গেলেও সাদিয়া বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন সাদিয়ার বাবা মনিরুল ইসলাম। পরে তিনি মেয়ের খোঁজ নিতে এসে মেয়ের আটকে পড়ার বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে যুক্ত হন।
পরে স্থানীয়রা বিদ্যালয়ের শিক্ষিকা লিনা ভট্টাচার্যকে ডেকে আনেন।
প্রায় এক ঘণ্টা পর তার উপস্থিতিতে সাদিয়াকে উদ্ধার করা হয়।
ইউএনও মো. খায়রুল ইসলাম জানান, আটকে পড়া মেয়েটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে, এটি স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হবে। আজ শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- বিদ্যালয়ের*শৌচাগারে,ছাত্রী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: