পটুয়াখালীতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের সাথে মতবিনিময়
লিটু পটুয়াখালী প্রতিনিধি :
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পটুয়াখালী জেলার ইটভাটা মালিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় পরিবেশ দূষণ রোধে ইটভাটাগুলোর সঠিক নিয়ম-নীতি অনুসরণ, আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার এবং অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ইটভাটা মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘‘পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। পরিবেশ আইন কঠোরভাবে মেনে চলে আধুনিক ও পরিবেশবান্ধব উপায়ে ইট প্রস্তুত করতে হবে। পরিবেশের ক্ষতি করে কোনো ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। সকল নিয়মনীতি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে, তবে আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মহসিন উদ্দিন, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালী জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার ইটভাটা মালিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরিতে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার আশ্বাস প্রদান করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: