৩৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল মাগুরা জেলা পুলিশ
সিনিয়ার স্টাফ রিপোর্টার :
তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ও জিডিভুক্ত ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।
উদ্ধার করা ফোনগুলোর মধ্যে একটি দামি স্যামসাং গ্যালাক্সি এস-২৩ সহ বিভিন্ন মডেলের সেট রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন মালিকদের কাছে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান, পিপিএম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা পুলিশ জানায়, সেপ্টেম্বর মাসজুড়ে সিসিআইসি ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে হারানো ও জিডিভুক্ত এসব মোবাইল ফোন উদ্ধার করে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের ডেকে তা হস্তান্তর করা হয়। হারানো প্রিয় ফোনটি ফিরে পেয়ে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে সাইবার ক্রাইম ইউনিট ১২ জন ভিকটিম উদ্ধার, একটি হত্যা মামলার ২ আসামি এবং সার কালোবাজারি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি অনলাইন জুয়া প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত অভিযোগের সমাধান এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে ইউনিটটি সফলভাবে কাজ করে যাচ্ছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “জনগণের সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ দমন ও হারানো মালামাল উদ্ধার করা জেলা পুলিশের নিয়মিত কাজেরই অংশ। পুলিশের এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
একই সঙ্গে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা বা যেকোনো মালামাল হারানোর ঘটনায় দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: