• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. উৎসব / দিবস

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পিতৃতর্পণ, দুর্গাপূজার অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৪ পিএম;
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পিতৃতর্পণ, দুর্গাপূজার অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা

পটুয়াখালী প্রতিনিধি :

 

মহালয়া উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় পিতৃতর্পণ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার প্রতীক্ষা। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ, তাঁদের আত্মার শান্তি কামনা এবং দেবী দুর্গার আগমনী বার্তাকে ঘিরে ধর্মীয় আবহে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১০ অক্টোবর) ভোর  ৫টায় কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে পিতৃতর্পণযজ্ঞ শুরু হয়। এতে মাদারীপুর থেকে আসা শতাধিক পুণ্যার্থী অংশ নেন। চণ্ডীপাঠের মন্ত্রধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়। এদিন প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে পিতৃতর্পণ এবং চণ্ডীপাঠ ও প্রার্থনার মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করা হয়।

পটুয়াখালী থেকে পিতৃতর্পণে অংশ নিতে আসা শ্রী জীবনকৃষ্ণ দাস বলেন, দেবতা, ঋষি ও পিতৃপুরুষদের উদ্দেশে ফুল, তুলসী, তিল ও খাদ্য নিবেদনের মাধ্যমে তাঁরা তর্পণ করেছেন। এ বিশেষ দিনে দেবীর কাছে পৃথিবী থেকে অশুভ শক্তি, হিংসা ও বিদ্বেষ দূর হওয়ার প্রার্থনা করেছেন। সবাই যেন শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা। তিনি জানান, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।

এদিকে মহালয়া উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, সৈকতসহ পর্যটকদের সমাগমস্থলগুলোতে নজরদারি অব্যাহত থাকবে। কোনো পর্যটক যাতে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। পাশাপাশি যেকোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

মহালয়ার ধর্মীয় আবহে কুয়াকাটায় এখন দুর্গাপূজাকে ঘিরে চলছে প্রস্তুতি ও অপেক্ষা। পিতৃপুরুষের স্মরণ, প্রার্থনা ও ভক্তির মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন