আবারও চালু হচ্ছে দুবাইয়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘গ্লোবাল ভিলেজ’
দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হচ্ছে দুবাইয়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘গ্লোবাল ভিলেজ’। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টা থেকে দর্শনার্থীরা আবারও এই জনপ্রিয় গন্তব্যস্থলে প্রবেশের সুযোগ পাবেন। এই খবরে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
গ্লোবাল ভিলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে।
দর্শনার্থীরা অনলাইনে, মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি গেট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের মূল্য শুরু হচ্ছে ২৫ দিরহাম থেকে। তবে ১০ মে এই মৌসুম শেষ হওয়ার কথা থাকলেও, সময়সীমা বাড়ানো হবে কি না সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তার খাতিরে গ্লোবাল ভিলেজসহ দুবাইয়ের বেশ কিছু পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
সম্প্রতি যুদ্ধবিরতির খবর আসার পর থেকেই বাসিন্দারা এটি পুনরায় খোলার অপেক্ষায় ছিলেন। গ্লোবাল ভিলেজ ছাড়াও আইন দুবাই ও দুবাই পার্কস অ্যান্ড রিসোর্টসের মতো জায়গাগুলোও একই কারণে বন্ধ ছিল।
গ্লোবাল ভিলেজের এবারের ৩০তম আসরটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এখানে ৯০টিরও বেশি দেশের সংস্কৃতি তুলে ধরতে ৩০টি প্যাভিলিয়ন রয়েছে।
এ ছাড়া দর্শনার্থীদের জন্য ৩,৫০০টিরও বেশি কেনাকাটার দোকান এবং ২৫০টিরও বেশি খাবারের দোকান রয়েছে। এ বছরের জানুয়ারিতে এখানে বিশাল ড্রোন শো এবং আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছিল।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: