গলাচিপায় জনপ্রতিনিধিদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময় সভা
গলাচিপায় জনপ্রতিনিধিদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময় সভা: মাঠপর্যায়ের নানা সমস্যার কথা শুনলেন মন্ত্রী
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও প্রশাসকদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মতবিনিময় সভায় মাঠপর্যায়ের জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের স্থবিরতা এবং প্রশাসনিক ও সামাজিক নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে চরম সামাজিক মর্যাদা হারানোর ক্ষোভ প্রকাশ করে একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, বর্তমানে মাঠপর্যায়ে স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং তাঁরা কাঙ্ক্ষিত সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে সভায় পরিষদগুলোর সংরক্ষিত নারী সদস্যরা তীব্র বৈষম্যের অভিযোগ তোলেন। তাঁরা জানান, একেকজন নারী সদস্যকে তিনটি করে ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হলেও তাঁরা পুরুষ সদস্য ও ইউনিয়ন পরিষদ থেকে আশানুরূপ সম্মান এবং ন্যায্য উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না। এই বৈষম্য নিরসনে তাঁরা প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, পুরুষ সদস্যরা নিজ নিজ এলাকার সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক অবকাঠামোগত বেহাল দশার চিত্র তুলে ধরেন। একই সাথে তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জোর দাবি জানান।
জনপ্রতিনিধিদের সব অভাব-অভিযোগ ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি ধাপে ধাপে এসব সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন এবং দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাফিজ মাস্টার, বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: