• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

দশমিনায় ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে স্কুলছাত্রের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০১ পিএম;
দশমিনায় ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে স্কুলছাত্রের মৃত্যু

জয়ন্ত, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দশমিনায় ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মো. আনজুমান (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ সংলগ্ন খেলার মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনজুমান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো. আরিফুর রহমানের ছেলে। তার পরিবার সূত্রে জানা যায়, আনজুমানের অ্যাজমাসহ শারীরিক কিছু জটিলতা ছিল। তার বাবা দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করায় পরিবারসহ উপজেলার সবুজবাগ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আবদুর রশিদ তালুকদার কলেজ সড়কসংলগ্ন মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল আনজুমান। খেলার একপর্যায়ে সে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সহপাঠীরা সঙ্গে সঙ্গে তার মাকে মোবাইল ফোনে খবর দিলে তিনি দ্রুত মাঠে ছুটে আসেন এবং মাথায় পানি ঢেলে প্রাথমিক চেষ্টা করেন। পরে তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠীরা বলেন, “আনজুমান ও আমি একই শ্রেণিতে পড়ি। মাঠে খেলার সময় হঠাৎ সে অসুস্থ হয়ে শুয়ে পড়ে। খবর পেয়ে তার মা এসে তাকে হাসপাতালে নিয়ে যান, সেখানেই তার মৃত্যু হয়।”

নিহতের বাবা মো. আরিফুর রহমান জানান, ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে একমাত্র ছেলের আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও এলাক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন