ক্যাম্পাসে মোবাইল আনলেই আটকে যাবে গেটে: আলফাডাঙ্গা সরকারি কলেজে কড়া সিদ্ধান্ত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং কঠোর শৃঙ্খলা ফেরাতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। আগামী ৪ অক্টোবর থেকে কলেজে প্রবেশকালে শিক্ষার্থীদের সঙ্গে রাখা যাবে না কোনো ধরনের স্মার্টফোন। একই সঙ্গে নির্দিষ্ট কলেজ ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশের ওপর জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসানের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নতুন নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে:
নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থী কোনো অবস্থাতেই ক্যাম্পাসে স্মার্টফোন বহন করতে পারবে না। সেই সঙ্গে সব শ্রেণির শিক্ষার্থীদের কলেজ নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম অমান্য করে কেউ যদি ইউনিফর্ম ছাড়া কিংবা স্মার্টফোন সঙ্গে নিয়ে আসে, তবে তাকে কলেজের মূল ফটক থেকেই ফিরিয়ে দেওয়া হবে।
কেন এই কঠোর অবস্থান?
শিক্ষার মানোন্নয়নে নেওয়া এই উদ্যোগ প্রসঙ্গে আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস জানান, “ক্যাম্পাসে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং শিক্ষার্থীদের আবার ক্লাসমুখী ও পড়ার টেবিলে মনোযোগী করে তুলতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান বলেন, “স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় শিক্ষার্থীদের মূল পড়াশোনা থেকে বিচ্যুত করে ফেলে। কলেজের শিক্ষার মান রক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই আমররা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, শিক্ষাঙ্গনে নিয়মশৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকরা পূর্ণ সহযোগিতা করবেন।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: