চলন্ত বাসে সন্তান প্রসব: বাস মালিকের আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, নাম রাখা হলো 'আনাস'
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি যাত্রীবাহী বাসে (আনাস এন্টারপ্রাইজ) জন্ম নিয়েছে এক নবজাতক। চলন্ত বাসে এ অদ্ভুত ও আনন্দের ঘটনার পর শিশুটির নাম রাখা হয়েছে বাসের নামানুসারে—‘আনাস হাসান’। শুধু তাই নয়, শিশুটির আজীবন বিনামূল্যে ওই পরিবহনে যাতায়াতের ঘোষণা দিয়েছেন বাসটির মালিক।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে রংপুর মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। সন্তান প্রসবের পর মা ও নবজাতক সুস্থ থাকায় আনন্দে মেতে ওঠেন বাসের যাত্রী ও চালক-স্টাফরা। তাৎক্ষণিকভাবে বাসের ভেতরেই যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রসূতি আবিদা বেগম (২৮) স্বামী ও বাবা-মায়ের সাথে ঢাকার জিরানী এলাকা থেকে আনাস এন্টারপ্রাইজ বাসে করে লালমনিরহাটের হাতীবান্ধায় নিজের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। চিকিৎসকের দেওয়া সম্ভাব্য প্রসব তারিখ আরও ২০ দিন বাকি থাকায় তারা বাসের যাত্রা বেছে নেন। কিন্তু পথিমধ্যে রংপুর মিঠাপুকুর এলাকা পার হওয়ার সময় হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। এ সময় বাসে থাকা এক ধাত্রীর সহায়তায় বাস থামিয়ে একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন আবিদা বেগম।
শিশুটির নানা জানান, ঘটনার দিন সপরিবারে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে আকস্মিক এমন ঘটনায় প্রথমে ঘাবড়ে গেলেও আল্লাহর রহমতে মা ও নাতি উভয়ই সুস্থ আছেন। বাসে জন্ম নেওয়ার সুবাদে বাসের নামের সাথে মিলিয়ে তারা নবজাতকের নাম রেখেছেন 'আনাস হাসান'। এদিকে খবর ছড়িয়ে পড়লে মা ও নবজাতককে একনজর দেখতে বাড়িতে ভিড় জমান স্থানীয় এলাকাবাসী।
বাসের এই মানবিক উদ্যোগে শামিল হয়েছেন আনাস এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব দিপু । তিনি শিশুটির জন্য বিশেষ উপহার সামগ্রী পাঠানোর পাশাপাশি আজীবন ওই বাসে সম্পূর্ণ ফ্রি যাতায়াতের ঘোষণা দিয়েছেন। এছাড়া শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মা আবিদা বেগমও এই বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া সশরীরে শিশুটির বাড়িতে যান। এ সময় তিনি পরিবারের হাতে উপহার হিসেবে একটি আকর্ষণীয় দোলনা, বেবি বেড, মশারি ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী তুলে দেন। তিনি আরো বলেন "রাতের আঁধারে বাসে এমন একটি আনন্দের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্যও বেশ রোমাঞ্চকর ছিল। আমরা বিষয়টি মালিকপক্ষকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে মা ও শিশুর পাশে দাঁড়ান এবং আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা দেন।"
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন জানান, "স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি আমি জেনেছি। বর্তমানে মা ও নবজাতক (আনাস হাসান) উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আমরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।"
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: