• ঢাকা
  • রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. লাইফস্টাইল ও বিউটি টিপস

পটুয়াখালীতে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক রাফি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩০ পিএম;
পটুয়াখালীতে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

লিটু দেবনাথ,পটুয়াখালী জেলা প্রতিনিধি :


ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যে পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা।
 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি।

পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি সম্প্রতি ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে, তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। তার এই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার পর শনিবার শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের সামনেই তার মাথা ন্যাড়া করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।
উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, “গতকাল ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সে নিজের দেওয়া কথা রেখেছে।”
মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি ফেসবুক লাইভে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জয় পেয়েছে, তাই আমি আমার কথা রেখেছি।”
স্থানীয়দের মতে, ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রিয় দলকে কেন্দ্র করে সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ও খেলার প্রতি ভালোবাসারই একটি মজার উদাহরণ হয়ে উঠেছে এ ঘটনা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন