দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে মহানবীর (সা.) সুন্নাহই একমাত্র পথ: মহম্মদপুরে সেমিনারে ইলিয়াস মোল্লা
দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে মহানবীর (সা.) সুন্নাহই একমাত্র পথ: মহম্মদপুরে সেমিনারে এমপি ইলিয়াস মোল্লা
মাগুরা জেলা প্রতিনিধি:
একটি সুন্দর, ইনসাফভিত্তিক ও শোষণমুক্ত সমাজ গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পথ ও সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই। রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনে মানবজাতির সার্বিক মুক্তির সর্বউত্তম আদর্শ রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখা কার্যালয়ে 'সিরাত সেমিনার বাস্তবায়ন কমিটি'র আয়োজনে "দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর ভূমিকা" শীর্ষক এক প্রচ্ছদ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন, "বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে যে নৈতিক অবক্ষয় ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে, তা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো মহানবীর (সা.) জীবনদর্শনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তাঁর নীতি ও আদর্শই আমাদের সবচেয়ে বড় নির্দেশক।"
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ.ছ.ম তরিকুল ইসলাম। তিনি রাসুল (সা.)-এর শাসনব্যবস্থা, রাষ্ট্রীয় নীতি ও দুর্নীতি দমনে তাঁর গৃহীত ঐতিহাসিক পদক্ষেপসমূহ বিশদভাবে তুলে ধরেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন মজলিসুল মুফাসসিরিন যশোর জেলার সভাপতি মাওলানা জুলফিকার আল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার অধ্যাপক সাঈদ আহমেদ এবং এসটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোঃ ইসহাক আলী।
সিরাত সেমিনার বাস্তবায়ন কমিটি মহম্মদপুর উপজেলার সভাপতি মাওলানা নুর আহমদ আলীর সভাপতিত্বে সেমিনারে এলাকার ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে মহানবীর (সা.) সুন্নাহই একমাত্র পথ
- মহম্মদপুরে সেমিনারে ইলিয়াস মোল্লা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: