ছাত্রলীগ থেকে এনসিপি;রাজনীতিতে পুনর্বাসন বিতর্কে নতুন উত্তাপ
নজরুল ইসলাম আলীম:
ছাত্রলীগ থেকে এনসিপি;রাজনীতিতে পুনর্বাসন বিতর্কে নতুন উত্তাপ, নাহিদের বক্তব্যে রাশেদ খাঁনের কড়া প্রতিক্রিয়া।
অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে”—জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিরা এনসিপিতে যোগ দিতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ কেন থাকবে না?রোববার (১৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। তাদের সবাইকে রাজনৈতিকভাবে ‘আন্ডারগ্রাউন্ডে’ ঠেলে না দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। তার ভাষায়, “যেমন কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে রাজনীতিতে ফিরে আসুক।”তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে আরও বলেন, “আশা করি এতে হাসনাত আবদুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করিয়ে আনবেন।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশেদ খাঁনের এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক পাল্টা জবাব নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ‘পুনর্বাসন রাজনীতি’ নিয়ে বড় ধরনের বিতর্কের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্তরণের প্রেক্ষাপটে অতীত পরিচয় বনাম বর্তমান অবস্থানের প্রশ্নটি আবারও সামনে এসেছে।
প্রসঙ্গত, রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টির (এবি) ৪৪ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবে, তিনি এনসিপির সংগঠক, নেতাকর্মী হিসেবে কাজ করবেন এবং এনসিপির আদর্শ ধারণ করবেন।”
নাহিদের এই বক্তব্যকে কেউ রাজনৈতিক অন্তর্ভুক্তির ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে আদর্শিক অবস্থানের দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে—রাজনীতিতে আদর্শ বড়, নাকি প্রয়োজন?দেশের রাজনীতিতে যখন জোট, বিভাজন ও পুনর্গঠনের আলোচনা তুঙ্গে, তখন নাহিদ ইসলামের বক্তব্য এবং রাশেদ খাঁনের পাল্টা প্রতিক্রিয়া নিঃসন্দেহে আগামী দিনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ছাত্রলীগ* থেকে,এনসিপি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: