বোয়ালমারীর পল্লীতে একের পর এক অজ্ঞান করে চুরি; জনমনে আশঙ্কা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে জানা যায়, বেলজানী গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে মফিজার রহমানের বাড়িতে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৩ লাখ টাকা নিয়ে যায়। অসুস্থ হয়ে পড়া পরিবারের সদস্যদের মধ্যে মফিজার রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ রুইজানীরচর গ্রামের তমিজউদদীন মন্ডলের ছেলে আজিম মণ্ডল নামে একজনকে আটক করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই এলাকায় একাধিক চুরি ও চুরির চেষ্টা হয়েছে। একই রাতে সিঙ্গাপুর প্রবাসী শাহাদতের বাড়িতে গ্রীলের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করা হলেও দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে চোরেরা পালিয়ে যায়। তার আগের রাতে পীর মাহমুদের ছেলে জাফরের বাড়িতেও একইভাবে প্রবেশের চেষ্টা করা হয়।
এ ছাড়া নায়েব মেম্বারের বাড়ি থেকে পানির মোটর চুরি, সাংবাদিক মিজান উর রহমানের বাড়ি থেকে পানির মোটর ও অন্যান্য মালামাল চুরি, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাদীনুরের বাড়িতে একাধিকবার চুরি, খরসূতী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল হাইয়ের বাড়িতে চুরি, মৃত সিরাজুল ইসলামের ছেলে সালাউদ্দিনের বাড়িতে চুরির চেষ্টা এবং অধ্যক্ষ সাদীনুর রহমানের বাড়ি থেকে মোটর চুরির ঘটনাও ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
একই কায়দায় বেলজানী চরপাড়ার মৃত পীর মাহমুদের ছেলে নাসিরের বাড়ি এবং মৃত আক্তার মোল্লার ছেলে ফুল মিয়ার বাড়িতেও পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরির অভিযোগ রয়েছে। এছাড়া খরসূতী গ্রামের তোজাম পেয়াদারের বাড়িতেও চুরি ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রের দাবি, আটক আজিম মণ্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে খরসূতী, বেলজানী ও পার্শ্ববর্তী মহম্মদপুরে এক যুবকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন।
ধারাবাহিক এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ বেলজানী এবং পার্শ্ববর্তী খরসূতী গ্রামে মাদকের ব্যাপকতা ভয়াবহ ভাবে বেড়ে গেলেও অন্যান্য এলাকার মত এখানে অজ্ঞাত কারণে মাদক বিরোধী কোনো তৎপরতা নাই।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, চুরির ঘটনায় একজন আটক আছে। এ ব্যাপারে ভুক্তভোগী মফিজারের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১০, তারিখ : ০৭.০৭.২০২৬ ইং। আটককৃত চোরকে আগামীকাল বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: