চরাদীতে ছাত্রদল নেতা ফাহাদ খানের ওপর হামলার প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার
নজরুল ইসলাম আলীম:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি রানা মেম্বারকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিসি-১। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সম্প্রতি চরাদী ইউনিয়নে ছাত্রদল নেতা ফাহাদ খানের ওপর সংঘটিত হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।র্যাব-১০ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।এদিকে হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী। তাদের মতে, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- চরাদীতে* ছাত্রদল,নেতা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: