আলফাডাঙ্গায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বোনের নির্যাতন ও তালাকের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। নির্যাতিত বোনের পক্ষে তার বড় ভাই মোঃ মোবারক মোল্লা এ সংবাদ সম্মেলন করেন। বৃহস্পতিবার ১২ মার্চ সন্ধ্যায় আলফাডাঙ্গা জাতীয়তাবাদী শ্রমিক দলের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোবারক মোল্লা পৌরসভার মিঠাপুর গ্রামের বাসিন্দা এবং পৌর শ্রমিক দলের ৯ নং ওয়ার্ড সভাপতি ও উপজেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য। সংবাদ সম্মেলনে মোবারক মোল্লা জানান, তার ছোট বোন মোসা. লিমা খানমকে ২০১৩ সালে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেন পৌরসভার কুসুমদী গ্রামের মোঃ মানোয়ার খান মুন্নুর ছেলে মোঃ মাসুদ পারভেজ। বিয়ের পর থেকেই লিমা খানমকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে লিমা খানম ও তার সন্তানদেরও মারধর করা হতো। তারপরও বোনের সুখের কথা চিন্তা করে পরিবারের পক্ষ থেকে বসতবাড়ির দুই শতাংশ জমি বিক্রি করে মাসুদ পারভেজ কে সৌদি আরব পাঠাই। কিন্তু বিদেশে যাওয়ার পর তার পরিবারের লোকজন আমার বোনের উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় এবং তাদের পরামর্শে মাসুদ ভিডিও কলে মৌখিকভাবে তাকে তিন তালাক দেয়। পরে ২০২৫ সালের ২৩ অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে তালাকনামা পাঠায়। এবং সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারী মাসুদ দেশে ফিরে ১৯ ফেব্রুয়ারি আলফাডাঙ্গা পৌর নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে একতরফাভাবে তিন তালাক কার্যকর করে। এ ঘটনার প্রতিবাদ করায় মাসুদ পারভেজ ও তার পরিবারের পক্ষ থেকে মোবারক মোল্লাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসানে বিষটি অবহিত করলে তিনি সমাধানের জন্য মাসুদ ও তার পরিবারের সাথে আলোচনা করতে চাইলে তারা ইয়াদ ও লিমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসএম মাহমুদুল হাসান ইয়াদ বলেন, “আমি আমার সংগঠনের ছোট ভাই মোবারকের বোনের বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালায়। বিষয়টি নিয়ে এক পর্যায়ে মানোয়ার খান মুন্নুর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জন্য দুঃখ প্রকাশ করছি। ইয়াদ জানায় এ ঘটনায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে নির্যাতিত লিমা খানম ও তার সন্তানরা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার বিচার দাবি করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: