• ঢাকা
  • বুধবার, ০৪ ফেরুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. শিক্ষা

রাজেন্দ্র কলেজে গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারীদের মুজিবুর রহমান স্বর্ণপদক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০২ পিএম
রাজেন্দ্র কলেজে গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারীদের মুজিবুর রহমান স্বর্ণপদক

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ১৩তম এ. এফ. মুজিবুর রহমান স্বর্ণপদক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আব্দুল হালিম। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টি. রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মো. শাহিনুর ইসলাম। অতিথিরা বিজয়ীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করেন। এ বছর বিএসসি (অনার্স) গণিতে সর্বোচ্চ ফল অর্জনের জন্য রোজিনা সুলতানা (সেশন-২০২৩) ১ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। একইভাবে এমএসসি (গণিত) এ সর্বোচ্চ ফল অর্জনকারী রিয়াজ শেখ (সেশন–২০২২) ১ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ দেশের ১০টিরও অধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর গণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও ২০১৩ সাল থেকে বাংলাদেশ গণিত সোসাইটির জাতীয় স্নাতক-পর্যায়ের গণিত অলিম্পিয়াডের পূর্ণ পৃষ্ঠপোষকতা করে আসছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন।

উল্লেখ্য, ফরিদপুরের গেরদা গ্রামে ১৮৯৭ সালে জন্মগ্রহণকারী এ. এফ. মুজিবুর রহমান ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলমান আইসিএস কর্মকর্তা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯২৩ সালে তিনি ব্রিটিশ-ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তীতে ঢাকা ও হাওড়াসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে তাঁর পুত্র রেজাউর রহমান ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন