নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
মোঃ নাফিউর রহমান, মহাদেবপুর ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে পুলিশ সুপারের নির্দেশনায় থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগের মহাদেবপুর থানার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ডের সভাপতি মোঃ রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫) রয়েছেন।
মহাদেবপুর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন—মোঃ পিয়ারুল ইসলাম মুসা (১৯), মোঃ সোহেল হোসেন (২১) ও মোঃ মাহমুদ রায়হান (৩০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ রোকনুজ্জামান ওরফে সোহাগের পিতা মোঃ আবুল কালাম আজাদ এবং তাঁর বাড়ি চকগোড়া সরদারপাড়া এলাকায়। মোঃ পিয়ারুল ইসলাম মুসার পিতা মোঃ অবির উদ্দীন সরদার। মোঃ সোহেল হোসেনের পিতা মোঃ সাইফুল ইসলাম এবং তাঁর বাড়ি চকগোড়া পূর্বপাড়া এলাকায়। অপর গ্রেপ্তারকৃত মোঃ মাহমুদ রায়হানের পিতা মৃত আবুল কালাম আজাদ। তাঁর বাড়িও চকগোড়া সরদারপাড়া এলাকায়। তাঁদের সবার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার অন্তর্গত।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।