• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

এআইকে ভুলেও যেসব তথ্য দেবেন না


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৩ পিএম;
এআইকে ভুলেও যেসব তথ্য দেবেন না

চাকরির আবেদনপত্র লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন, চিকিৎসার রিপোর্ট বুঝতে জেমিনাইতে আপলোড করছেন কিংবা ব্যাংকের হিসাব বিশ্লেষণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্বারস্থ হচ্ছেন? কাজ সহজ করতে গিয়ে অজান্তেই এমন কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন না তো, যা অন্যের হাতে পড়লে আপনার নিরাপত্তা ও গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে?

পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে চিকিৎসার রিপোর্ট—এআই চ্যাটবট ব্যবহারের সময় কিছু তথ্য গোপন রাখাই নিরাপদ। কারণ, এসব তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা এবং ব্যবহারকারীর সেটিংসের ওপর নির্ভর করে। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর দেওয়া তথ্য এআই মডেলের উন্নয়নে ব্যবহৃত হতে পারে। নিরাপত্তার প্রয়োজনে কথোপকথনের কিছু অংশ পর্যালোচনাও করা হতে পারে।

তাই এআইয়ের সাহায্য নেওয়ার সময় ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করার বিষয়ে সতর্ক থাকা জরুরি।

পাসওয়ার্ড, ওটিপি ও পিন নম্বর

ফেসবুক বা ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যা হচ্ছে? কীভাবে সমস্যার সমাধান করবেন, তা এআইকে জিজ্ঞেস করতে পারেন। তবে কোনো অবস্থাতেই নিজের পাসওয়ার্ড, একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি), পিন নম্বর কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের গোপন কোড দেবেন না।

ধরুন, কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে বারবার ভুল দেখাচ্ছে। কেন এমন হচ্ছে, তা জানতে এআইয়ের সাহায্য নিতে পারেন। কিন্তু সমস্যাটি বোঝানোর জন্য পাসওয়ার্ড জানানোর প্রয়োজন নেই। এমনকি পাসওয়ার্ড দেখা যায়, এমন স্ক্রিনশটও আপলোড করা উচিত নয়। এসব তথ্য অন্যের হাতে গেলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট

ভিসার আবেদন করতে গিয়ে কোনো নির্দেশনা বুঝতে পারছেন না? এআইয়ের সাহায্য নিতে গিয়ে পুরো পাসপোর্টের ছবি আপলোড করে দেওয়া ঠিক হবে না। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সনদে এমন অনেক তথ্য থাকে, যা দিয়ে একজন ব্যক্তিকে সহজেই শনাক্ত করা যায়। এসব তথ্য পরিচয় জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত হতে পারে।

কোনো ফরমের নির্দেশনা বুঝতে চাইলে শুধু প্রয়োজনীয় অংশটুকু এআইকে দিন। পুরো নথি আপলোড করার প্রয়োজন নেই। একান্ত প্রয়োজন হলে নাম, জন্মতারিখ, পরিচয়পত্রের নম্বরসহ পরিচয় শনাক্তকারী তথ্য মুছে বা ঢেকে দিন। এরপর প্রয়োজনীয় অংশ শেয়ার করুন।

ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডের তথ্য

মাসিক খরচের হিসাব রাখা কিংবা সঞ্চয়ের পরিকল্পনা করতে এআইয়ের পরামর্শ নেওয়া যেতে পারে। তবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, কার্ডের নিরাপত্তা কোড (সিভিভি) কিংবা ব্যাংকিং পিন দেওয়া থেকে বিরত থাকুন।

অনেকে খরচ বিশ্লেষণের জন্য পুরো ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেন। সেখানে টাকার অঙ্কের পাশাপাশি অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের বিবরণ এবং অন্য ব্যক্তির তথ্যও থাকতে পারে। ফলে অপ্রয়োজনীয়ভাবে আর্থিক তথ্য প্রকাশের ঝুঁকি তৈরি হয়।

এর পরিবর্তে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, শুধু সেই হিসাব লিখে দিতে পারেন। এতে ব্যক্তিগত ব্যাংকিং তথ্য প্রকাশ না করেও প্রয়োজনীয় পরামর্শ পাওয়া সম্ভব।

চিকিৎসার রিপোর্ট

রক্ত পরীক্ষার রিপোর্টে কোনো শব্দের অর্থ বুঝতে পারছেন না? এআইকে বিষয়টি জিজ্ঞেস করতে পারেন। তবে রিপোর্ট আপলোড করার আগে সেখানে কী কী ব্যক্তিগত তথ্য রয়েছে, তা দেখে নিন।

চিকিৎসার রিপোর্টে সাধারণত রোগীর নাম, বয়স, হাসপাতালের নিবন্ধন নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য থাকে। অনেক সময় রোগের ইতিহাস ও চিকিৎসাসংক্রান্ত সংবেদনশীল তথ্যও উল্লেখ থাকে। তাই পরীক্ষার ফল বা চিকিৎসাবিষয়ক কোনো শব্দের সাধারণ অর্থ জানতে চাইলে পরিচয় শনাক্তকারী তথ্য বাদ দিয়ে প্রশ্ন করুন।

তবে এআইয়ের দেওয়া ব্যাখ্যার ওপর নির্ভর করে নিজে নিজে রোগ নির্ণয় কিংবা ওষুধের মাত্রা পরিবর্তন করবেন না। চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্তের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

ব্যক্তিগত ছবি

এআই দিয়ে ছবি সম্পাদনা এখন বেশ জনপ্রিয়। তবে সব ধরনের ছবি এআই চ্যাটবটে আপলোড করা নিরাপদ নয়। বিশেষ করে নিজের বা অন্য কারও অন্তরঙ্গ ছবি, ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা এমন কোনো ছবি, যা অন্যের কাছে প্রকাশ করতে চান না, সেগুলো শেয়ার করা এড়িয়ে চলুন।

সাধারণ ছবি আপলোডের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। ছবির পেছনে বাড়ির ঠিকানা, গুরুত্বপূর্ণ নথি বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে কি না, খেয়াল করুন। শিশুদের ছবি ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করুন। নিজের পাশাপাশি অন্যের গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

অফিসের গোপন নথি ও তথ্য

অফিসের ইমেইল লিখতে কিংবা প্রতিবেদন সম্পাদনা করতে এআই ব্যবহার করছেন? সেক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। প্রতিষ্ঠানের অপ্রকাশিত নথি, কর্মীদের বেতনের তথ্য, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কিংবা অভ্যন্তরীণ অভিযোগ সাধারণ এআই চ্যাটবটে আপলোড করা উচিত নয়।

ধরুন, অফিসের কোনো ইমেইলের ভাষা ঠিক করতে চান। পুরো ইমেইল কপি না করে নাম, পদবি, ইমেইল ঠিকানা ও গোপনীয় তথ্য বাদ দিয়ে প্রয়োজনীয় অংশটুকু দিতে পারেন। এতে কাজও হবে, আবার প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য প্রকাশের ঝুঁকিও কমবে।

এ ছাড়া প্রতিষ্ঠানের এআই ব্যবহারের নিজস্ব নীতিমালা থাকলে তা মেনে চলুন। কোনো তথ্য এআইতে দেওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন।

অন্যের ব্যক্তিগত কথোপকথন

বন্ধু বা সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়েছে। পরিস্থিতি কীভাবে সামলাবেন, তা জানতে এআইয়ের সাহায্য নিতে চাইছেন। এমন পরিস্থিতিতে অনেকে পুরো কথোপকথনের স্ক্রিনশট আপলোড করেন। কিন্তু সেখানে অন্য ব্যক্তির নাম, ফোন নম্বর, ছবি কিংবা এমন তথ্য থাকতে পারে, যা তিনি প্রকাশ করতে চান না।

এ ধরনের ক্ষেত্রে পুরো কথোপকথন শেয়ার না করে সমস্যাটি নিজের ভাষায় লিখুন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও শনাক্তকারী তথ্য বাদ দিন। অন্যের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেও অনেক ক্ষেত্রে এআইয়ের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাওয়া সম্ভব। মনে রাখতে হবে, নিজের গোপনীয়তার পাশাপাশি অন্যের গোপনীয়তা রক্ষা করাও জরুরি।

আগে ব্যক্তিগত তথ্য দিয়ে থাকলে কী করবেন

এত দিন এআইকে ব্যক্তিগত তথ্য দিয়ে থাকলে প্রথমে সংশ্লিষ্ট চ্যাটবটের গোপনীয়তা ও তথ্য নিয়ন্ত্রণের সেটিংস দেখে নিন।

চ্যাটজিপিটিতে সেটিংসের ‘ডেটা কন্ট্রোলস’ অংশ থেকে ‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ অপশন বন্ধ করা যায়। এতে নতুন কথোপকথন মডেলের উন্নয়নে ব্যবহার করা হবে না। এ ছাড়া সাময়িক চ্যাট ব্যবহারের সুযোগও রয়েছে। তবে নিরাপত্তার প্রয়োজনে এসব কথোপকথনের তথ্য নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকতে পারে।

জেমিনাইতেও কথোপকথনের তথ্য সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে কিছু সেটিং পরিবর্তন করা যায়। তবে সেটিংস বন্ধ করলেই আগে দেওয়া সব তথ্য মুছে যাবে, এমন নয়। তাই প্রয়োজন হলে পুরোনো কথোপকথন মুছে ফেলার ব্যবস্থাও দেখে নিন।

আর ভুল করে কোনো পাসওয়ার্ড, পিন বা গোপন কোড এআই চ্যাটবটে দিয়ে থাকলে শুধু চ্যাট মুছে নিশ্চিন্ত হবেন না। সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। প্রয়োজনে অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন এবং সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকুন।

এআইয়ের সাহায্য নিতে নিজের সব তথ্য জানানোর প্রয়োজন নেই। কোনো নথি বা ছবি আপলোড করার আগে দেখে নিন, সেখানে অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য রয়েছে কি না। সম্ভব হলে পরিচয় শনাক্তকারী তথ্য মুছে বা ঢেকে শুধু প্রয়োজনীয় অংশটুকু শেয়ার করুন। বেশিরভাগ ক্ষেত্রেই নাম, ঠিকানা বা পরিচয় প্রকাশ না করেও এআইয়ের কাছ থেকে প্রয়োজনীয় উত্তর পাওয়া সম্ভব।