চট্টগ্রামে ‘৮ বিদেশি পিস্তল’ নিয়ে যুবকের হুমকির ভিডিও ভাইরাল
চট্টগ্রামের রাউজানে কারামুক্ত এক সন্ত্রাসীর আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কাপড়ে ঢাকা টেবিলের ওপর সাজানো আটটি পিস্তল দেখা যায়।
পুলিশ বলছে, এটি এক বছর আগের ভিডিও। ‘হৃদয় বুলেট’ নামের ওই ব্যক্তি কারামুক্ত হয়ে এটি আবার অন্য আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
ভিডিওতে নিজের চেহারা না দেখিয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর।
টাকা দিয়ে মরণের টিকিট আনছি।’
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাসুদ আলম আজ বুধবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, এটি ২০২৫ সালের ভিডিও। হৃদয় বুলেটকে আমরা গ্রেপ্তার করেছিলাম। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে আবার আগের ভিডিওটি অন্য একটি আইডি থেকে প্রচার করছে।
আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা ব্যক্তিটি হৃদয় বুলেট নামে পরিচিত।
প্রসঙ্গত, ৫ আগস্টের পর বিএনপি, ছাত্রদল, যুবদলের বেশ কয়েজন নেতাসহ রাউজানে দুই ডজনের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা মাঝে মাঝেই ঘটে।
অস্ত্রধারীদের অপতৎপরতা, ঘটনা ঘটিয়ে পাহাড়ি এলাকায় আশ্রয় নেওয়া এবং চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে থাকে।