• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. সারাদেশ

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৮ পিএম;
তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ১

মাহামুদুল ইসলাম জয়,পঞ্চগড় :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীর (২৫) গুরুতর আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহেল ওই এলাকার সামাদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক আলমগীরও রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয় এবং আহত চালককে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

"খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

বর্তমানে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন