আমিরাতকে ইরানের কড়া হুঁশিয়ারি
সংযুক্ত আরব আমিরাতের শহরগুলোতে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার তেহরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই ঘোষণা দেন। তিনি সাফ জানিয়েছেন, আমিরাতের বিভিন্ন বন্দর, ডক এবং শহরের গোপন আস্তানা থেকে ইরানের আবু মুসা ও খার্গ দ্বীপ লক্ষ্য করে মার্কিন বাহিনী যেসব ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তার উৎসস্থলে পাল্টা আঘাত করাকে ইরান নিজেদের বৈধ অধিকার বলে মনে করে।
জোলফাগারি আমিরাত সরকারকে সতর্ক করে বলেন, মার্কিন সেনারা আমিরাতি শহরগুলোর আড়ালে লুকিয়ে থেকে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানছে, যা আর বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ বাসিন্দাদের বন্দর এলাকা এবং মার্কিন বাহিনীর সম্ভাব্য আস্তানাগুলো থেকে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলায় কোনো বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি না হয়।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে আকস্মিক সামরিক হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যে আলি খামেনিসহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের হত্যা করার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই নজিরবিহীন হামলার জবাবে ইরান ইতিমধ্যেই ইসরায়েল এবং এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বর্তমানে দুবাইসহ আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।
সূত্র: প্রেস টিভি
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: