• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

গাবতলী শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নিয়ে বিরোধ, কার্যালয়ে প্রবেশে বাধা ও হুমকির অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৮ পিএম;
গাবতলী শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নিয়ে বিরোধ, কার্যালয়ে প্রবেশে বাধা ও হুমকির অভিযোগ

ফারুক আহমেদের নেতৃত্বে কার্যক্রম চালুর দাবি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা চায় নতুন কমিটি
জাহিদ মিয়া:


রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৯৭৪)-এর নতুন কমিটির কার্যক্রম পরিচালনা নিয়ে বিরোধ ও উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ শ্রম অধিদপ্তরের অনুমোদিত এ শ্রমিক সংগঠনের নতুন কমিটির নেতাদের অভিযোগ, কমিটি গঠনের পরও একটি পক্ষ তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করছে। এমনকি ইউনিয়ন কার্যালয়ে প্রবেশে ও প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এ ঘটনায় নতুন কমিটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নকে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নিয়মতান্ত্রিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কমিটির কার্যক্রম শুরু করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেছেন তারা।
নতুন কমিটির সদস্যদের অভিযোগ, আব্বাস উদ্দিন, রহিম, বশির, সাইফুল, ফারুক ও বাবুলসহ কয়েকজনের বিরুদ্ধে নতুন কমিটির নেতাদের হুমকি, হয়রানি এবং ইউনিয়ন কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে আব্বাস উদ্দিন ও রহিমের বিরুদ্ধে কার্যালয়ের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং নতুন কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন তারা। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নতুন কমিটির নেতারা।
এদিকে গাবতলী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অনিয়ম ও মাদক ব্যবসার অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নতুন কমিটির নেতাদের দাবি, অতীতে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে একটি মহল শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের অভিযোগ, সাবেক আওয়ামী লীগ সরকারের সময় সাবেক মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বাধীন শ্রমিক রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছেন। এমনকি ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সময়কার কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
নতুন কমিটির নেতারা বলেন, শ্রমিক ইউনিয়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হতে পারে না। সাধারণ শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই একটি শ্রমিক সংগঠনের মূল দায়িত্ব। অথচ সংগঠনের নামে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, “আমরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। সবাইকে সঙ্গে নিয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। গাবতলী এলাকার সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান এবং একটি সুশৃঙ্খল শ্রমিক ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
নতুন কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, কমিটির বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বার উন্মুক্ত রয়েছে। তাই কোনো ধরনের ভয়ভীতি, হুমকি কিংবা বাধা সৃষ্টি না করে আইন ও বিধি অনুযায়ী ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
এ অবস্থায় আব্বাস উদ্দিন ও রহিমসহ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নতুন কমিটির নেতারা। একই সঙ্গে ইউনিয়ন কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা, সাধারণ শ্রমিকদের নিরাপত্তা রক্ষা এবং সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে প্রশাসন ও শ্রম অধিদপ্তরের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ফারুক আহমেদের নেতৃত্বে নতুন কমিটি গাবতলী এলাকার শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বলে জানিয়েছে। তাদের প্রত্যাশা, ব্যক্তিস্বার্থ ও দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের ঐক্য, মানবিক মূল্যবোধ, ন্যায্য অধিকার এবং স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে একটি কার্যকর শ্রমিক ইউনিয়ন গড়ে উঠবে।