ইউক্রেনের যুদ্ধ সতর্কতা অ্যাপে সাইবার হামলা, কিয়েভে পারমাণবিক ও তেজস্ক্রিয়তার ভুয়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের নাগরিকদের বিমান হামলার বিষয়ে সতর্ক করতে ব্যবহৃত সরকারি মোবাইল অ্যাপে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে রাজধানী কিয়েভে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া, রাসায়নিক হামলা এবং রাস্তায় সংঘর্ষের মতো একাধিক ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়। তবে দেশটির বিমানবাহিনী জানিয়েছে, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।
রোববার (১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। হামলার কয়েক ঘণ্টা পর রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ও তাদের নিজস্ব সতর্কতা অ্যাপে বড় ধরনের সাইবার হামলার কথা জানায়।
অল্প সময়ের ব্যবধানে একাধিক ভুয়া সতর্কবার্তা
ইউক্রেনের ‘এয়ার অ্যালার্ট’ অ্যাপের মাধ্যমে স্থানীয় সময় রাত ১০টা ৪৭ মিনিটের দিকে প্রথম ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়। এতে কিয়েভে তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপর রুশ ভাষায় পাঠানো আরেকটি বার্তায় পুরো ইউক্রেনজুড়ে পারমাণবিক সতর্কতা জারির কথা বলা হয়। সেখানে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ নিক্ষেপের কথাও উল্লেখ ছিল।
এ ছাড়া কিয়েভে রাসায়নিক হামলার আশঙ্কা এবং রাস্তায় সংঘর্ষ চলছে বলে পৃথক বার্তা পাঠানো হয়। এসব বার্তায় বাসিন্দাদের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে রাত ১১টা ৫৩ মিনিটের দিকে সংশ্লিষ্ট সতর্কবার্তাগুলোর বিপরীতে একের পর এক বিপদমুক্তির বার্তা পাঠানো হয়।
সতর্ক করল ইউক্রেনের কর্তৃপক্ষ
ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে জানায়, অ্যাপটি সম্ভবত শত্রুপক্ষের সাইবার হস্তক্ষেপের শিকার হয়েছে। একই সঙ্গে তারা স্পষ্ট করে জানায়, দেশে কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
দেশটির সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাও অ্যাপটিতে ত্রুটির কথা জানিয়ে বিমান হামলার ঝুঁকি সম্পর্কে নিশ্চিত হতে বিকল্প তথ্যসূত্র ব্যবহারের পরামর্শ দেয়।
এদিকে লভিভ অঞ্চলে অ্যাপটির মাধ্যমে তেজস্ক্রিয়তা-সংক্রান্ত সতর্কসংকেত প্রচারব্যবস্থার লাউডস্পিকারেও বাজানো হয়েছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সেখানে তেজস্ক্রিয়তার কোনো আশঙ্কা ছিল না।
ভিনিতসিয়া অঞ্চলের গভর্নর নাতালিয়া জাবোলেভনা বাসিন্দাদের সতর্ক করে বলেন, সন্দেহজনক বার্তার সঙ্গে কোনো লিংক থাকলে তাতে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কারণ, সেগুলো ফিশিং বা ব্যক্তিগত তথ্য চুরির প্রচেষ্টা হতে পারে।
পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় সাময়িকভাবে অ্যাপটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে দেয়। পাশাপাশি স্মার্টফোনে সরকারি জরুরি বিজ্ঞপ্তি চালু রাখার পরামর্শ দেওয়া হয়।
রাশিয়ার জরুরি সতর্কতা অ্যাপেও সাইবার হামলা
ইউক্রেনের ঘটনার কয়েক ঘণ্টা পর রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তাদের নিজস্ব মোবাইল অ্যাপেও বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছে মিথ্যা তথ্য পাঠানো হয়েছে বলে দাবি করে মন্ত্রণালয়টি।
ইউক্রেনের সংবাদমাধ্যম ইউএনএন জানিয়েছে, রাশিয়ার অ্যাপেও পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছিল।
এদিকে রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডে সক্রিয় ইউক্রেনপন্থী গেরিলা গোষ্ঠী আতেশ (Atesh) রাশিয়ার অ্যাপে হামলার দায় স্বীকার করেছে। তারা একটি কথিত সতর্কবার্তার স্ক্রিনশটও প্রকাশ করে। এতে তিন সপ্তাহের জন্য জরুরি খাদ্যসামগ্রী মজুত এবং বেসমেন্টে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে স্ক্রিনশটটির সত্যতা যাচাই করা যায়নি।
যুদ্ধবিরতি শেষ হওয়ার আগমুহূর্তে ঘটনা
দুই দেশের জরুরি সতর্কতা ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল, যখন ইউক্রেনের খেরসন অঞ্চলে স্থানীয় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছিল।
রুশ-অধিকৃত ওলেশকি শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে গত মঙ্গলবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর ছিল। রোববার রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে এর মেয়াদ শেষ হয়।
তবে যুদ্ধবিরতি চলাকালেও ইউক্রেনের অন্যান্য এলাকায় সংঘর্ষ অব্যাহত ছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি নিউজ