দেবীগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু
মাহামুদুল ইসলাম জয়,পঞ্চগড় :
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতার শেষে বাবার বাড়ি থেকে ফেরার পথে পৌর শহরের নতুন বন্দর এলাকার শহীদ মান্নান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দেবীগঞ্জ পৌরসভার সিঙ্গার শোরুমের মালিক আমিরের ছোট ভাই আজাদের স্ত্রী মমতা বেগম (৩৬) এবং তাঁদের কন্যাসন্তান মুনতাহা (৫)। এ ঘটনায় নিহতের আরেক যমজ সন্তান মোবাশ্বিরা ও মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মমতা বেগম তাঁর দুই যমজ মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ইফতার শেষ করে মোটরসাইকেলে করে স্বামীর বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগিনা মনিরুল ইসলাম। পথিমধ্যে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী 'নাদের এন্টারপ্রাইজ' নামক একটি নৈশ কোচের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের পর স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম ও শিশু মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত মোবাশ্বিরা ও মনিরুল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সোনাহার বাজারে সেটিকে আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং চালক মো. মাহাবুলকে (৩৫) পুলিশ হেফাজতে নেয়। চালক মাহাবুল নীলফামারী জেলার ইটাখোলা মাস্টারপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান,"খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বাসটি জব্দ করা হয়েছে এবং চালক আমাদের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
একই পরিবারের মা ও মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে পুরো দেবীগঞ্জ পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।
দৈনিক পুনরুত্থান / মোঃ মাহামুদুল ইসলাম জয়,
- বিষয়:
- দেবীগঞ্জে* বাস,মোটরসাইকেল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: