দেশের ব্যাংক খাতে দেউলিয়ার ঝুঁকি, খেলাপি ঋণের হার ৩৩ শতাংশ
ঢাকার একটি ক্যাফের মালিক একান্ত গত এক বছর ধরে ব্যাংক থেকে নিজের জমা টাকা তুলতে পারছেন না। তিনি বলেন, ‘প্রতিবার ব্যাংকে গেলে কোনো উত্তর পাওয়া যায়নি।’ তাঁকে শুধু বলা হয়েছে, ব্যাংকে তারল্য সংকট।
শুধু তিনি নন, অন্তত অর্ধডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা তাঁদের জমানো টাকা তুলতে না পারার অভিযোগ করেছেন। তাঁদের অনেকে সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার শেষকৃত্যের মতো প্রয়োজনীয় কাজের জন্য এই অর্থ জমিয়েছিলেন।
বাংলাদেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। এর অন্যতম কারণ শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাট। ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর ক্ষমতায় ছিল তাঁর সরকার। ব্যাপক দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পাহাড় জমেছে। এসব ঋণের বড় একটি অংশ আর কখনোই ফেরত আসবে না।
ব্যাংকের মালিকানা ও ঋণ গ্রহণ—দুই ক্ষেত্রেই প্রভাব বিস্তারকারী অনেক ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিক কারাগারে রয়েছেন, কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। এর ফলে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। বিপরীতে ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। পরিস্থিতি এতটাই নাজুক যে, পুরো ব্যাংক খাতের মূলধন পরিস্থিতি নেতিবাচক পর্যায়ে চলে গেছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস এখন ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশ। এই সূচক দিয়ে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও মূলধনের অবস্থা পরিমাপ করা হয়।
এ পরিস্থিতি বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের ‘বাংলাদেশ প্যারাডক্স’ বা বাংলাদেশের বৈপরীত্যের একটি নেতিবাচক পরিণতির আশঙ্কা তৈরি করেছে। ১৮ কোটি মানুষের দেশটিতে অর্থনৈতিক সাফল্যের বিপরীতে রাজনৈতিক পরিস্থিতি বরাবরই নাজুক।
১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশকে ‘বাস্কেট কেস’ বা চরম দুরবস্থায় থাকা একটি দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। তখন দেশটি ছিল দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্ববাজারে রপ্তানির মতো পণ্যও ছিল সামান্য।
অথচ পরবর্তী সময়ে বাংলাদেশ উন্নয়নের এক বিস্ময়কর উদাহরণ হয়ে ওঠে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য হ্রাস এবং স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়। দুর্বল সুশাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেও এ সাফল্য এসেছে। তবে দেশটির রাজনৈতিক ইতিহাসে ত্রুটিপূর্ণ গণতন্ত্র ও সামরিক অভ্যুত্থানের মধ্যে বারবার পালাবদল ঘটেছে।
নতুন নির্বাচিত সরকারও এখন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়। নতুন সরকারকে একদিকে ব্যাংক খাতের সংকট, অন্যদিকে দেশের প্রধান রপ্তানি শিল্প তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের কারণে অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও হিমশিম খাচ্ছে সরকার।
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজধানীতে ৫০টির বেশি ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটেছে। সরকার এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। রক্তক্ষয়ী দমন-পীড়নে ভূমিকার জন্য অনুপস্থিতিতে তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। তবে তিনি দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।
বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির সঙ্গে অর্থনীতির যোগসূত্র তৈরি হয়েছে ব্যাংক খাতের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক খাতের লুটপাট নিয়ে একটি গবেষণাপত্র তৈরি করেছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘ব্যাংক লুটপাটের যে চোরতান্ত্রিক ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে আমরা পেয়েছি, এখন সেটিই মোকাবিলা করতে হচ্ছে।’
ব্যাংক খাতে খেলাপি ঋণ মূলত দুই ধরনের প্রতিষ্ঠানে বেশি কেন্দ্রীভূত। একটি ইসলামী ব্যাংক, যেখানে সুদের পরিবর্তে শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা অনুসরণ করা হয়। অন্যটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেগুলো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন। তুলনামূলকভাবে দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা ভালো।
দেশের অন্যতম বৃহৎ ঋণদাতা ইসলামী ব্যাংক বাংলাদেশ। একসময় ব্যাংকটির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে দলটি নিষিদ্ধ ছিল। পরে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। এস আলম গ্রুপের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগও উঠেছিল, যদিও প্রতিষ্ঠানটি তা অস্বীকার করেছে। গ্রুপটির মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে আর আসেননি। জামায়াতে ইসলামী দাবি করে, ব্যাংকগুলোর বিরুদ্ধে আগে আনা অভিযোগগুলো ছিল সাজানো। আওয়ামী লীগ সরকারের পছন্দের ব্যবসায়ীদের হাতে ব্যাংক তুলে দেওয়ার জন্যই এসব অভিযোগ আনা হয়েছিল। তবে সাইফুল আলম মাসুদ সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
খেলাপি ঋণ বেড়ে যাওয়ার পেছনে ইতিবাচক একটি কারণও রয়েছে। সেটি হলো ব্যাংক খাতে স্বচ্ছতা বৃদ্ধি। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের আসলের মাত্র ২ শতাংশ পরিশোধ করে বাকি অর্থের কিস্তি এক বছরের জন্য স্থগিত রাখার সুযোগ দেয়। পরবর্তী সময়ে বাকি ঋণ পরিশোধের জন্য ১০ বছর সময় দেওয়া হয়। এই ২ শতাংশ অর্থ পরিশোধ করলেই ঋণগুলো আর খেলাপি হিসেবে গণ্য হতো না।
২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, খেলাপি ঋণের প্রকৃত হার তখনকার সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে। সে সময় সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ছিল প্রায় ১০ শতাংশ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে। নতুন নিয়মে ৯০ দিনের বেশি সময় ধরে বকেয়া থাকা ঋণকে খেলাপি হিসেবে গণ্য করা হয়। এতে খেলাপি ঋণের হার বেড়ে এখন ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।
ব্যাংক খাতের এই সংকট দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাধারণত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ শতাংশের মতো। যদিও অন্তর্বর্তী সরকার দাবি করেছিল, আগের প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জিত ছিল।
অর্থনীতির এই ধীরগতির পেছনে শুধু ব্যাংক খাতের সংকট দায়ী নয়। ইরান যুদ্ধের শুরুর দিকে জ্বালানি সংকটের কারণে অনেক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এখন শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে। কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে প্রবণতা ছিল, তা উল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বা জিডিপির ১ দশমিক ২ শতাংশ সরবরাহ করেছে। তবে এ অর্থ যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে।
ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাবে, কয়েক বছরের মধ্যে ব্যাংক খাতের পুনঃমূলধনীকরণে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।
উদ্বেগের বিষয় হলো, নতুন সরকার ব্যাংক খাত সংস্কারের ক্ষেত্রে ধীরগতিতে এগোচ্ছে। জুন মাসে সরকার কিছু সমস্যাগ্রস্ত ঋণগ্রহীতার জন্য ঋণ পুনঃ-তপশিলের সুযোগ দেয়। নতুন একটি নিয়মে ব্যাংকগুলোর ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রেও সীমা আরোপ করা হয়েছে। এতে ঝুঁকি বিবেচনায় নিয়ে ঋণের সুদ নির্ধারণের ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সমস্যাকে ভবিষ্যতের জন্য ফেলে রাখছি না। আমরা ব্যাংকের ব্যালান্সশিট পরিষ্কার করার চেষ্টা করছি। কোনো ভালো সম্পদ বা ঋণ হিসাবকে সহায়তা করার প্রয়োজন হলে এবং সামান্য সময় বাড়িয়ে দিলে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেই সুযোগ দিতে পারি।’
বিদেশি উৎস থেকে উল্লেখযোগ্য সহায়তা না এলে সংকটে থাকা ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণের জন্য সরকারের হাতে খুব বেশি অর্থ নেই। ব্যাপক কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব আয় কম। জিডিপির মাত্র ৭ শতাংশের সমপরিমাণ রাজস্ব আদায় করে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও এ হার খুবই কম। উদাহরণ হিসেবে পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব আদায় করে।
এদিকে খাদ্য ও জ্বালানি খাতে ভর্তুকিসহ বিভিন্ন ব্যয়ের কারণে সরকারের বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। এ ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংকের ওপর নির্ভর করতে হচ্ছে। মূলত বেসরকারি ও তুলনামূলকভাবে শক্তিশালী ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে সরকার ব্যয় নির্বাহ করছে। এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তা যুক্ত হয়ে অর্থ সরবরাহ বাড়াচ্ছে। ফলে মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হচ্ছে।
বাংলাদেশের অর্থনীতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে রাজনীতি থেকে অর্থনীতিকে আলাদা করে দেখার সুযোগ নেই। উচ্চ মূল্যস্ফীতি ও স্থবির প্রবৃদ্ধির পরিস্থিতিতে অর্থনীতি ক্রমেই সংকটের দিকে যাচ্ছে।
একজন অর্থনীতিবিদের মতে, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যবসায়ীরা গত ১৫ বছর ধরে অপেক্ষা করছেন—কখন তাঁদের লুটপাটের সুযোগ আসবে। তাঁরা বেশিদিন সেই সুযোগ থেকে বঞ্চিত থাকতে চাইবেন না। এর ফলে নতুন ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হতে পারে।
বাংলাদেশের একজন সাবেক সরকারি কর্মকর্তা দ্য ইকোনমিস্টকে বলেন, ‘মৌলিকভাবে বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: