• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, একজনের কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫১ এএম;
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, একজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহের অভিযোগে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের মধ্যে একজনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান টের পেয়ে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

আদালত সূত্রে জানা যায়, পাশের ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা) এর সামনে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহ করার কথা স্বীকার করেন। এ বিষয়ে ইটভাটার ম্যানেজার এনামুল হকও (৬১) সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালত সাকিব রানাকে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

অপরদিকে ইটভাটার ম্যানেজার এনামুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন