পটুয়াখালীতে ৫ বন্যপ্রাণী অবমুক্ত
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর কুয়াকাটায় বিভিন্ন সময়ে উদ্ধার করা পাঁচটি বন্যপ্রাণী সংরক্ষিত বনে অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (ALP)-এর কুয়াকাটা শাখা।
বুধবার (৭ অক্টোবর) সংগঠনটির কুয়াকাটা শাখার উদ্যোগে উদ্ধার করা দুটি ঘুঘু, একটি ডাহুক, একটি পদ্মগোখরা সাপ ও একটি লাউডগা সাপ সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত থেকে বন্যপ্রাণীগুলো অবমুক্ত করেন প্রাণিকল্যাণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর কুয়াকাটা ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা আকাশ আহমেদ রুবেল, ALP কুয়াকাটা শাখার টিম লিডার আল সাঈদ, টিম সমন্বয়ক আল আমিন, রেসকিউয়ার বায়জিদ ও রেসকিউয়ার আদনান ইমরান। এছাড়াও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সদস্যরা জানান, বিভিন্ন সময়ে লোকালয়সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা বন্যপ্রাণীগুলোকে প্রয়োজনীয় পরিচর্যার পর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: