মহম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫ জামাত নেতা আটক
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মহম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫ জামাত নেতা-কর্মী কে আটক করা হয়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলায় শুক্রবার (৬ ফেব্রুয়ারী ২০২৬) রাত সোয়া বারোটায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর ইউনিয়ন আমিরসহ ১০দলীয় জোটের পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর হুসাইন আহম্মেদ কাবুল; মহম্মদপুর সদর ইউপি ৬নং ওয়ার্ড সভাপতি মো: মুকুল । অন্যান্যরা হলেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার,হাবিবুল্লাহ ও এরশাদ।
আটককৃতরা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে কম্বল বিতরণ করেছিলেন। এ সময় তারা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এম.বি. বাকেরের পক্ষে ভোট প্রার্থনা করেছনে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এই অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রোগীদের মতামতের ভিন্নতা পাওয়া যায়। হাসপাতালে থাকা একজন রোগী পুলিশের অভিযোগের বিপরীত মন্তব্য করেছেন। তিনি জানান, কম্বল বিতরণ করা হলেও কেউ তাদের নিকট ভোট চায়নি। তবে অপর একজন রোগী অভেযোগ করেন, কম্বল বিতরণের সময় দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাওয়া হয়েছে।
নির্বাচনী আইন অনুযায়ী, উপহার প্রদানের মাধ্যমে ভোট চাওয়া বা ভোটারকে প্রভাবিত করার চেষ্টা ‘দুর্নীতিপরায়ণ আচরণ’ বা ‘ঘুষ’ হিসেবে ধরা হয়। এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও জাতীয় সংসদ নির্বাচন (রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী শাস্তিযোগ্য।
প্রশাসন জানায়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান বলেন, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫জনকে আটক করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমানিত হলে তারা ছাড়া পাবেন।
থানা পুলিশ থেকে জানা যায়, আটককৃতদের দুপুরে কোর্টে চালান দেওয়া হয়েছে।
এ ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: