• ঢাকা
  • সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ব্রাজিল ম্যাচ টাইব্রেকারে গেলে পেনাল্টি টেকার বাছবেন জাপান কোচ নিজেই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩২ পিএম;
ব্রাজিল ম্যাচ টাইব্রেকারে গেলে পেনাল্টি টেকার বাছবেন জাপান কোচ নিজেই

২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিন ফুটবলারের পেনাল্টি মিসের কারণে বিদায় নিতে হয়েছিল জাপানকে। সেই একই ভুলের পুনরাবৃত্তি এড়াতে এবার বাড়তি সতর্ক ব্লু সামুরাইদের হেড কোচ হাজিমে মোরিয়াসু। নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যদি টাইব্রেকারে গড়ায়, তবে এবার পেনাল্টি নেওয়ার ক্রম (সিরিয়াল) খেলোয়াড়দের ওপর ছেড়ে না দিয়ে তিনি নিজেই নির্ধারণ করবেন বলে জানিয়েছেন।

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল বা ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই এসেছে জাপান। গত চার বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিদের হারানোর সাফল্য দলটির প্রতি প্রত্যাশার পারদ অনেক বাড়িয়ে দিয়েছে।

গত বছরের অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। তাই এবারের বৈশ্বিক মঞ্চে ব্রাজিলও বাড়তি প্রতিশোধের অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে বলে মনে করেন মোরিয়াসু।

তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে এশিয়ান জায়ান্টরা। গ্রুপ পর্বে চোট পাওয়া তারকা উইঙ্গার তাকেফুসা কুবো ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না। দলের হেড কোচ বলেন, কুবো এখনো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিচ্ছে না, আলাদাভাবে কাজ করছে। ব্রাজিলের বিপক্ষে ও খেলবে না। আমরা চাই সে দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠুক।

উত্তর আমেরিকা (কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো) জুড়ে আয়োজিত এই বিশ্বকাপে দীর্ঘ ভ্রমণ খেলোয়াড়দের জন্য বেশ ক্লান্তিকর বলে মন্তব্য করেন জাপানি কোচ। একই সঙ্গে সেলেসাওদের তুলনায় এক দিন কম বিশ্রাম পাওয়াকেও দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন তিনি।

সব চ্যালেঞ্জ জয় করে ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী মোরিয়াসু বলেন, আমরা বিশ্বাস করি যে আমরা জিততে পারি এবং এই বিশ্বকাপেও আমাদের সেই সুযোগ আছে। অনেকেই জাপানকে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ বলছেন, আমরাও সেই সমীহ জাগানিয়া মানসিকতা নিয়েই মাঠে নামবো।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন