ঘুষের ভিডিও ভাইরাল হওয়া দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্যাহার
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি:
ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ এবং দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত (সংযুক্তি) করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ বলে গণ্য হবেন। তবে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গতকাল সোমবার (২২ জুন) বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ সংবলিত সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
গণমাধ্যম ও প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, পিআইও বাবুল চন্দ্র রায় বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের হিসাব কষছেন। ভিডিওতে তাকে ক্যালকুলেটরে চাপ দিয়ে একাধিক প্রকল্পের মোট বরাদ্দের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করতে এবং প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে দরদাম ও কথোপকথন করতে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পঞ্চগড়সহ দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত কর্মকর্তার শাস্তির দাবিতে সরব হন বিভিন্ন মহলের মানুষ।
ধারণা করা হচ্ছে, ভিডিওটি ফাঁসের পর প্রশাসনের ভাবমূর্তি রক্ষায় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে এই শাস্তিমূলক বদলির পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ঘুষেরভিডিও* ভাইরাল,হওয়া
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: